কক্সবাজারের উত্তরে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত সোনাদিয়া দ্বীপের পাঁচ শতাধিক শিশু বড় হচ্ছে লেখাপড়া ছাড়াই। কারণ, পূর্ব থেকে পশ্চিম দিকে প্রায় ১৪ কিলোমিটার লম্বা সাত বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপের এক মাথায় (পূর্বপাড়ায়) একটিমাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া আর কোনো বিদ্যালয় নেই। ফলে শিশুদের সাগরে চিংড়ি পোনা আহরণ, কূলে শুঁটকি মাছ তৈরির কাজ করতে হচ্ছে। স্থানীয় লোকজন বলেন, পূর্বপাড়ার একমাত্র প্রাথমিক বিদ্যালয়টিতে মাত্র ১৫৩ জন ছেলেমেয়ে লেখাপড়ার সুযোগ পেলেও দ্বীপের পশ্চিমপাড়া, মাঝেরপাড়ার আরও পাঁচ শতাধিক ছেলেমেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। পশ্চিমপাড়ার দিনমজুর আবুল কালামের ১৫ বছরের মেয়ে সনজিদা বেগম জানায়, ‘স্কুলে লেখাপড়া করতে খুব ইচ্ছা করে, কিন্তু গ্রামে কোনো স্কুল নেই। তা ছাড়া ২০ কিলোমিটার দূরে মহেশখালীর কুতুবজোম গ্রামে গিয়ে লেখাপড়া করার সুযোগ এই গ্রামের কারও নেই। কারণ, আমরা সবাই গরিব। সাগরে চিংড়ি পোনা আর মাছ ধরেই চলে আমাদের সংসার।’ ১৫ বছরের বালক শামসুল ইসলাম বলে, ‘স্কুল চোখে দেখিনি। মক্তবে গিয়ে কোরআন শরিফটা পড়ার তালিম নিয়েছি। এখন বালুচরে শুঁটকি উৎপাদন আর খেলাধুলা করে জীবনটা পার করছি।’ সরেজমিনে দেখা গেছে, দ্বীপের অর্ধেক অংশ বিশাল ঝাউবন, নিসিন্দা, কেয়া আর নারকেল গাছে ভর্তি। পূর্বদিকে মগচর নামের বিশাল সৈকতে চলছে শুঁটকি উৎপাদন। যেখানে বেশির ভাগ শ্রমিক শিশু-কিশোর। অস্বাস্থ্যকর পরিবেশে প্রচণ্ড গরম উপেক্ষা করে এসব ছেলেমেয়েকে কাজ করতে হচ্ছে। অনেক শিশুকে উপকূলীয় প্যারাবনে ঢুকে জ্বালানি কাঠ সংগ্রহ, চিংড়ি পোনা আহরণ ও কাঁকড়া সংগ্রহ করতে দেখা গেছে। পরিবেশ অধিদপ্তরের সোনাদিয়া গ্রাম সংরক্ষক দলের সভাপতি গিয়াস উদ্দিন (৪০) বলেন, শিক্ষাবঞ্চিত পাঁচ শতাধিক ছেলেমেয়ের লেখাপড়ায় আগ্রহ প্রবল। কিন্তু এই গ্রামে কোনো স্কুল নেই। ১২ কিলোমিটার বালুচরে হেঁটে পূর্বপাড়ার একমাত্র স্কুলে গিয়ে পড়ালেখা করা মোটেও সম্ভব নয়। তাই এই গ্রামে একটি স্কুল স্থাপন খুবই জরুরি। সোনাদিয়ার একমাত্র জনপ্রতিনিধি (ইউপি সদস্য) আবদুল গফুর বলেন, পূর্বপাড়ায় স্থাপিত সোনাদিয়া রেজি. প্রাথমিক বিদ্যালয়ে ১৫৩ জন ছেলেমেয়ে পড়ালেখা করলেও শিক্ষক মাত্র একজন। ওই একজন শিক্ষকের পক্ষে বিপুল পরিমাণ ছেলেমেয়ের লেখাপড়াও সম্ভব হচ্ছে না। ওই শিক্ষকের অসুখ-বিসুখ বা দরকারি কাজে দ্বীপের বাইরে গেলে বিদ্যালয়ের লেখাপড়া বন্ধ থাকে। পশ্চিমপাড়ায় আরেকটি স্কুল করা গেলে আরও ৫০০ ছেলেমেয়ে লেখাপড়ার সুযোগ পেত। আবদুল গফুর জানান, এই দ্বীপে দুই হাজারের বেশি বাসিন্দার স্বাস্থ্যসেবার জন্য নেই কোনো হাসপাতাল-ক্লিনিক। নেই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বিদ্যুতের সংযোগ। দুর্গম এলাকা হওয়ায় এই দ্বীপের মানুষকে উপজেলা মহেশখালী ও জেলা শহর কক্সবাজারে যাতায়াত করতে হয় সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে।