সোনাদিয়ায় উদ্ধার করা জমিতে প্যারাবন সৃজন
কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ায় উদ্ধার করা ৬১০ একর জমিতে প্যারাবন সৃজন করা হচ্ছে। গত ৬ থেকে ৮ অক্টোবর র্যা ব ও পুলিশ, কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা প্রশাসন এবং বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে প্রভাবশালী ব্যক্তিদের দখলে থাকা এসব জমি উদ্ধার করে। এ সময় এসব জমিতে থাকা চিংড়ি মাছের ১৩টি ঘের উচ্ছেদ করা হয়।উপকূলীয় বন বিভাগ গোরকঘাটা রেঞ্জ সূত্রে জানা গেছে, সোনাদিয়া দ্বীপে প্রায় তিন হাজার একর জমি আছে। ভূমি মন্ত্রণালয় ১৯৭৪ সালের ৯ আগস্ট বন সৃজন করার জন্য সোনাদিয়া মৌজার দুই হাজার ১২১ একর জমি বন বিভাগকে হস্তান্তর করে। ১৯৯৬ সালে আরও ১১০ একর জমি বন বিভাগকে স্থানীয় প্রশাসন হস্তান্তর করে। ১৯৮০ সাল থেকে এই দ্বীপে প্যারাবন সৃজনের কাজ শুরু করে বন বিভাগ। এ পর্যন্ত এক হাজার ৪৮৫ একর জমিতে প্যারাবন সৃজন করা হয়েছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০১ সালে বিএনপির তৎকালীন সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহসহ ১৭ জন প্রভাবশালী ব্যক্তি শ্রমিক নিয়োগ করে প্যারাবন উজাড় করা শুরু করেন। তাঁরা বনের গাছ কেটে এক হাজার ৪৮৫ একর জমিতে অবৈধভাবে চিংড়ির ১৩টি ঘের করেন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি যৌথ বাহিনী চিংড়িঘের উচ্ছেদ করে বন বিভাগের এক হাজার ৪৮৫ একর জমি দখলমুক্ত করে।গোরকঘাটা রেঞ্জ সূত্রে আরও জানা গেছে, ২০০৮ সালের মার্চ মাসে প্রভাবশালী ব্যক্তিরা পুনরায় বন বিভাগের ৬১০ একর জমি দখল করে চিংড়ির ১৩টি ঘের করেন। গত ৬ থেকে ৮ অক্টোবর অভিযান চালিয়ে ১৩টি চিংড়িঘের উচ্ছেদ করে ওই ৬১০ একর জমি দখলমুক্ত করা হয়। এখন এসব জমিতে বন বিভাগ প্যারাবন সৃজনের কাজ করছে।