সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর হবে: গণপূর্তমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর পায়রায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের চিন্তা থেকে সরকার অনেকটা সরে এসেছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। তিনি বলেন, এখন কক্সবাজারের সোনাদিয়াতেই গভীর সমুদ্রবন্দর হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একসময় চিন্তা ছিল পায়রা বন্দরে (পটুয়াখালীর কলাপাড়ায়) গভীর সমুদ্রবন্দর হবে। এখন দেখা গেছে, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কোনো কিছু চলে না। তাই সেই চিন্তা এখন দূর হয়ে গেছে। এখন গভীর সমুদ্রবন্দর হবে সোনাদিয়ায়।
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ সরকারের ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্প। ২০১৫ সালের জুনে চীনের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সমঝোতা স্মারক সই হয়নি। এরপর থেকেই কার্যত এই প্রকল্প নিয়ে আর কোনো অগ্রগতি হয়নি।
অনুষ্ঠানে মোশাররফ হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরের সুবিধা অন্য কোথাও পাওয়া যাবে না। এখানে খননকাজ ছাড়াই নয় মিটার ড্রাফট (জাহাজের পানির নিচের অংশের দৈর্ঘ্য) আছে। পায়রা বন্দরে খননকাজ করতে হচ্ছে। চট্টগ্রামে বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সাংসদ এম এ লতিফ বলেন, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত বাস্তবায়িত না হলে ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হবে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বাণিজ্যিক ব্যাংকগুলোর চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের সক্ষমতা ও ক্ষমতা বাড়ানোর দাবি জানান।