ঝাউগাছের কারণে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার হার কমে গেছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।তাঁরা বলছেন, ঝাউগাছ রোপণ অব্যাহত থাকায় সামুদ্রিক কচ্ছপের প্রজননক্ষেত্র ধ্বংস ও দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণে নানা সমস্যা দেখা দিচ্ছে। তবে উপকূলীয় বন বিভাগের দাবি, এতে কচ্ছপের ডিম পাড়ার কোনো সমস্যা হবে না।পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ঝাউগাছের শিকড় বালুচরে ছড়িয়ে পড়ে। এ কারণে সামুদ্রিক কচ্ছপ গর্ত খুঁড়ে ডিম পাড়তে পারে না। তাই সৈকতের বালুচরে ঝাউগাছের পরিবর্তে নারকেলগাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর আওতায় ১৯৯৯ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় সোনাদিয়া দ্বীপ ও তার পাশের ঘটিভাঙ্গা মৌজাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। ইসিএর জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড ও পরিবেশ অধিদপ্তর ‘সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন (সিবিএইসিএ) প্রকল্প’ বাস্তবায়ন করছে। এ প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) ও সুখী বাংলা ফাউন্ডেশন (এসবিএফ)।ওই প্র্রকল্পের আওতায় সংশ্লিষ্ট দুটি সংস্থা সোনাদিয়া দ্বীপের ম্যানগ্রোভ (প্যারাবন) সংরক্ষণ ও সৃজন, বালিয়াড়ির উদ্ভিদ সংরক্ষণ ও সৃজন এবং সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ করে আসছে।নেকমের মহেশখালী উপজেলা জীববিদ সংরক্ষক কর্মকর্তা আবদুল কাইয়ুম জানান, ২০০৭ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সোনাদিয়াসহ সব ইসিএর এলাকার সমুদ্রসৈকত ও বালিয়াড়িতে ঝাউবাগানের পরিবর্তে বন বিভাগ ব্যাপক হারে নারকেল বাগান সৃজন করবে। কিন্তু এ সিদ্ধান্ত উপেক্ষা করে বন বিভাগ সোনাদিয়া ইসিএর এলাকায় ঝাউগাছ রোপণ অব্যাহত রেখেছে। তিনি বলেন, দ্বীপের বেলেকেরদিয়া, মগচর, মাঝেরভিটাসহ বিভিন্ন সৈকত ঝাউগাছে ভরে গেছে, যেখানে আগে সামুদ্রিক কচ্ছপ নিরাপদে উঠে ডিম দিয়ে ফিরে যেত। ঝাউগাছের কারণে এখন সেখানে কচ্ছপ ডিম দিতে আসছে না।নেকমের কর্মকর্তা আবদুল কাইয়ুম জানান, সোনাদিয়ার সৈকত এবং বালিয়াড়ির বিপন্ন জলপাই রঙের ‘অলিভ রিডলে’ সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার উপযোগী স্থান। এখানে অলিভ রিডলে ও হকসবিল কচ্ছপ ডিম পাড়তে আসে। ২০০৮ সালের জানুয়ারি থেকে চলতি ২০১২ সালের ৩০ মার্চ পর্যন্ত সময়ে সোনাদিয়ার সৈকত থেকে প্রায় ৫০ হাজার সামুদ্রিক কচ্ছপের ডিম সংগ্রহ করা হয়েছে। কিন্তু ঝাউগাছের কারণে কচ্ছপের ডিম পাড়ার সংখ্যা কমে আসছে।আবদুল কাইয়ুম জানান, সমুদ্রের সর্বোচ্চ ঢেউয়ের শেষ সীমা থেকে প্রায় ১০০-১৫০ মিটার উন্মুক্ত সৈকত এবং বালিয়াড়ি এলাকায় সামুদ্রিক কচ্ছপ ডিম পাড়ে। কিন্তু বন বিভাগ সর্বোচ্চ ঢেউয়ের ১০ থেকে ২০ মিটারের মধ্যে ঝাউবাগান সৃজন করছে। ফলে আগে যেখানে বছরে সর্বোচ্চ ১৫ হাজার ডিম সংগ্রহ করা যেত, সেখানে ২০১২ সালে তা অর্ধেকে নেমে আসতে পারে। তিনি বলেন, ঝাউগাছের শিকড় কচ্ছপের ডিমের গর্তে পৌঁছালে ডিম নষ্ট হয়ে যাচ্ছে।নেকমের জেলা ব্যবস্থাপক শফিকুর রহমান জানান, ঝাউগাছ রোপণ অব্যাহত রাখায় সামুদ্রিক কচ্ছপের প্রজননক্ষেত্র ধ্বংস এবং দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণে নানা সমস্যা দেখা দিচ্ছে।জানতে চাইলে উপকূলীয় বন বিভাগের কক্সবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক ভূঁইয়া জানান, নারকেলগাছ লাগানোর প্রকল্প এখনো গ্রহণ করা হয়নি বলে সোনাদিয়ায় ঝাউগাছ লাগানো হচ্ছে। তিনি জানান, চলতি অর্থবছরের জুন মাসে ৫০ হেক্টর জমিতে আরও এক লাখ ২৫ হাজার ঝাউগাছ লাগানো হবে। এতে কচ্ছপের ডিম পাড়ার কোনো সমস্যা হবে না।এনামুল হক ভূঁইয়া বলেন, ‘ক্ষতিকর হলেও সৈকতে লাগানো পাঁচ-ছয় লাখ ঝাউগাছ সরিয়ে নেওয়া সম্ভব নয়। এসব গাছ কচ্ছপের জন্য সমস্যা হলেও পাখির জন্য উপযুক্ত।’