সোনাদিয়ায় পড়ে আছে কোটি টাকার মাছ
‘টানা দুই দিনের (সোম ও মঙ্গল) হরতালে এই সোনাদিয়ার জেলেদের প্রায় সাত লাখ টাকার মাছ নষ্ট হয়েছে। মহালে উত্পাদিত কয়েক কোটি টাকার শুঁটকি পড়ে আছে। বেকার হয়েছেন দুই হাজার জেলে শ্রমিক। হরতাল দিয়ে আমাদের পেটের ভাত কেড়ে নেওয়া হচ্ছে। হরতাল দিয়ে শ্রমজীবী মানুষের সর্বনাশ করে কি ভোট বাড়ানো যাবে?’ গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কক্সবাজারের সাগরদ্বীপ সোনাদিয়ার মগচর এলাকার জেলে আবদুল কাদের (৪৮) ক্ষোভের সঙ্গে এসব কথা তুলে ধরেন।কাদের বলেন, গত সোমবার রাতে সাত জেলে নিয়ে তিনি সাগরে মাছ ধরতে যান। জালে ধরা পড়ে পাঁচ মণের বেশি ছোট মাছ। গতকাল সকাল সাতটায় এই মাছ বিক্রির জন্য সৈকতে আনা হয়। কিন্তু হরতালের কারণে মাছ বিক্রি হয়নি। কাঁচা মাছ সংরক্ষণের কোনো ব্যবস্থাও এই দ্বীপে নেই। এতে তাঁর ক্ষতি হয় ২০ হাজার টাকা। মগচরের জেলে ফরিদ আহমদ (৪৬) ও শামশুল আলম (২৭) বলেন, এই মার্চ মাসে একাধিক হরতালের কারণে কোনো ব্যবসা হয়নি। যাঁরা হরতাল ডাকেন, তাঁদের সমুদ্র উপকূলের গরিব মানুষদের নিয়ে কোনো চিন্তা নেই। দেখা গেছে, মগচরে তৈরি ৩০টির বেশি মহালে পড়ে রয়েছে কয়েক কোটি টাকার শুঁটকি। মহালের মাইট্যা, লইট্যা, ছুরি, চাপা শুঁটকি কেনার জন্য আগে ব্যবসায়ীরা ভিড় জমালেও এখন ফাঁকা। মহালের মালিক সিরাজ মিয়া (৪৫) বলেন, তাঁর একটি মহালে প্রায় ৪০ লাখ টাকার শুঁটকি পড়ে আছে। আরও ৩১টি মহালে পড়ে রয়েছে কয়েক কোটি টাকার শুঁটকি। শুঁটকি কেনার জন্য গত দুই দিনে কোনো ব্যবসায়ী দ্বীপে আসেননি। কক্সবাজার শহরের নাজিরাটেক, ফদনারডেইল চরের দুই শতাধিক মহালেও কয়েক কোটি টাকার শুঁটকি পড়ে আছে। কক্সবাজার মত্স্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি জয়নাল আবেদীন বলেন, সোনাদিয়া ও নাজিরারটেকসহ বিভিন্ন স্থান থেকে দৈনিক অন্তত দুই কোটি টাকার শুঁটকি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। কিন্তু দুই দিনের হরতালে কোনো মাছ সরবরাহ হয়নি। এর আগের হরতালগুলোতেও মাছ সরবরাহ এবং বেচাবিক্রি বন্ধ ছিল। সামনে আরও হরতাল হবে—এ নিয়ে উদ্বিগ্ন উপকূলের মানুষ।