কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় দ্বীপ সোনাদিয়ায় অবৈধ দখলে থাকা বন বিভাগের ৬১০ একর জমি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে মহেশখালী থানায় ২২ জনের বিরুদ্ধে প্রায় ২৭ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে বন বিভাগ।বন বিভাগের সৃজিত প্যারাবন কেটে ৬১০ একর জমি অবৈধভাবে দখল করে চিংড়িঘের নির্মাণ করার অভিযোগে সোনাদিয়ার বিট কর্মকর্তা মতিলাল বাবু বাদী হয়ে সোনাদিয়ার ওয়ার্ড সদস্য আবদুল গফুরকে প্রধান আসামি করে ওই মামলা করেন।মামলার অন্য আসামিরা হলেন মোস্তফা কামাল, আবদুস শুক্কুর, ফারুক মিয়া, নূর হোসেন, একরাম মিয়া, মোহাম্মদ হোসেন, সোনা মিয়া, কবির আহমদ, আবু হামিদ, জাহাঙ্গীর আলম, মোস্তাহিদুজ্জামান, সিরাজ মিয়া, শাহজাহান, কালা মিয়া, রুবেল মিয়া, আবুল কালাম, মাহবুব আলম, নুরু, তৈয়ব আলী, মোকারম ও খোকা।মামলা এজাহারে বলা হয়, আসামিরা সোনাদিয়া দ্বীপে বন বিভাগের ৬১০ একর জমিতে প্যারাবন কেটে চিংড়িঘের নির্মাণ করেন। এতে বন বিভাগের প্রায় ২৭ কোটি টাকা ক্ষতি হয়েছে। গত ৬ থেকে ৮ নভেম্বর র্যা ব, পুলিশ, কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা প্রশাসন এবং বন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের ১৩টি চিংড়িঘের উচ্ছেদ করে ওই জমি দখলমুক্ত করে।গতকাল সকালে মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পান। রাতে অভিযোগটি মহেশখালী থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।উপকূলীয় বন বিভাগের সোনাদিয়ার বিট কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গ আলম চৌধুরী জানান, সম্প্রতি অভিযান চালিয়ে ৬১০ একর জমি উদ্ধার করা হয়েছে। এতে বন বিভাগের প্রায় ২৭ কোটি টাকা ক্ষতি হওয়ায় ২২ জন দখলদারের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করা হয়েছে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, মামলার তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।