সোনাদিয়ায় বনের ৩১০ একর জমি ফের উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া এলাকায় গতকাল সোমবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত তিনটি চিংড়িঘেরের বাঁধ কেটে দিয়ে উপকূলীয় বন বিভাগের ৩১০ একর জমি ফের উদ্ধার করেছে। অবৈধভাবে বাঁধ নির্মাণ করে চিংড়িঘের করার দায়ে তিন ভূমিদস্যুকে ২২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও ভূমিদস্যুদের কাছ থেকে এসব টাকা আদায় করার জন্য মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়।এর আগে গত বছরের নভেম্বরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ভূমিদস্যুদের উচ্ছেদ করে ৬১০ একর জমি উদ্ধার করলেও চলতি বছরের জানুয়ারিতে ভূমিদস্যুরা ফের ৩১০ একর জমি অবৈধভাবে দখল করে চিংড়িঘের করে। বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর তাদের ছত্রচ্ছায়ায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দিনদুপুরে প্যারাবন কেটে প্রায় এক হাজর ৫০০ একর বনভূমি দখল করে ২১টি চিংড়িঘের নির্মাণ করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের ঘেরসহ ১৩টি চিংড়িঘের উচ্ছেদ ও ১৪৮৫ একর জমি দখলমুক্ত করে। পরে বন বিভাগের পক্ষ থেকে সাংসদ ফরিদসহ ১৭ জনের বিরুদ্ধে ১০১ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৯০০ টাকার ক্ষতিপূরণ মামলা করা হয়। এরপর ২০০৮ সালের মার্চে ৬১০ একর জমি দখল করে আবার ১৩টি চিংড়িঘের নির্মাণ করে ভূমিদস্যুরা। বন বিভাগের লোকজন বাধা দিলেও কোনো কাজ হয়নি। গত বছরের ৬ নভেম্বর থেকে তিন দিন র্যাব, পুলিশ, কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বন বিভাগের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৩টি চিংড়িঘের উচ্ছেদ ও ৬১০ একর জমি উদ্ধার করে।গতকাল সোমবার সকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে চিংড়িঘেরের বাঁধ কেটে দিয়ে বন বিভাগের ৩১০ একর জমি উদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে দখল করে চিংড়িঘেরে বাঁধ নির্মাণ করায় আবদুল গফুর ওরফে নাগু, মোস্তফা কামাল ও জাহাঙ্গীর আলমকে ২২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপকূলীয় বন বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সুনীল কুমার কুণ্ডু, ইউএনও এ টি এম কাউসার হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। ইউএনও এ টি এম কাউসার হোসেন বলেন, ভূমিদস্যুদের কবল থেকে ৩১০ একর জমি ফের উদ্ধার করে বন বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এর আগে প্রশাসন আরও চারবার ভূমিদস্যুদের উচ্ছেদ করে বন বিভাগের জমি উদ্ধার করলেও তা বন বিভাগ রক্ষা করতে পারেনি। তিনি বলেন, সোনাদিয়ায় বন বিভাগের বিট অফিস নেই। তাই ভূমিদস্যুদের কবল থেকে জমি রক্ষা করতে হলে একটি বিট অফিস দরকার। উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের ডিএফও সুনীল কুমার কুণ্ডু বলেন, উদ্ধার করা জমিতে অচিরেই প্যারাবন সৃজন করা হবে। সোনাদিয়ায় নতুন করে বিট অফিসের ভবন নির্মাণ করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।