সোনাদিয়ায় বিষমুক্ত শুঁটকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকের জন্য বিষমুক্ত শুঁটকি তৈরি করছেন বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত দ্বীপ সোনাদিয়ার জেলেরা। দামে একটু বেশি হলেও লোকজন বিষমুক্ত এই শুঁটকি কিনে খাচ্ছেন। গত রোববার দুপুরে সোনাদিয়া দ্বীপ পরিদর্শন করে এর সত্যতা পাওয়া গেছে।সরেজমিনে দেখা গেছে, সোনাদিয়ার বিশাল মগচরে শতাধিক মহাল খুলে কাঁচা মাছকে শুঁটকি করা হচ্ছে। ব্যবসায়ীরা এই শুঁটকি কিনে ট্রলার ও গাড়িতে করে চট্টগ্রামের খাতুনগঞ্জে সরবরাহ দিচ্ছেন। কক্সবাজার শহর থেকে স্পিডবোটে ১৫ কিলোমিটারের সমুদ্র পাড়ি দিয়ে পর্যটকেরা সোনাদিয়ায় গিয়ে শুঁটকি কিনতে দেখা গেছে।মগচরে উঠলেই সামনে পড়ে নাসির আহমদের একটি চা দোকান। সেখানে বসে চলে শুঁটকি বেচাকেনার নানা কার্যক্রম। দোকানের পেছনে বিশাল চরজুড়ে তৈরি করা হয় শুঁটকি উৎপাদনের শতাধিক মহাল।সিরাজ কবিরের একটি মহালে গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা বড় বড় শুঁটকি পানিতে ধুয়ে রোদে শুকাচ্ছেন। সিরাজ কবির (৪৫) বলেন, ‘কক্সবাজারের বিভিন্ন স্থানে বিষাক্ত ডিডিটি পাউডার ও কীটনাশক মিশিয়ে শুঁটকি তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা তাজা মাছ রোদে শুকিয়ে বিষমুক্ত শুঁটকি করছি। এ কারণে সোনাদিয়ার শুঁটকির কদর বেশি।’মহালগুলোয় মাঝারি সাইজের প্রতি কেজি ছুরি শুঁটকি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৭০০ টাকায়। বড় শুঁটকি ৮০০ থেকে এক হাজার ২০০, আর লইট্যা শুঁটকি ৩৫০ থেকে ৬০০ টাকায়।মহেশখালী শুঁটকি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সরোয়ার আজম জানান, প্রতি সপ্তাহে সোনাদিয়ার মহাল থেকে অন্তত দুই কোটি টাকার শুঁটকি চট্টগ্রাম যাচ্ছে। সেখান থেকে সারা দেশে সরবরাহ করা হচ্ছে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে তাঁরাও ডিডিটি পাউডারসহ নানা কীটনাশক মিশিয়ে শুঁটকি উৎপাদন করতেন। গত নভেম্বর থেকে তাঁরা বিষমুক্ত শুঁটকি উৎপাদন করছেন। পরিবেশ অধিদপ্তরের সহযোগী বেসরকারি সংস্থা নেকমের (নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট) কর্মকর্তারা বিষমুক্ত শুঁটকি উৎপাদনের ক্ষেত্রে জেলেদের সচেতন করে আসছেন।নেকমের জেলা কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, শীত মৌসুমের প্রায় চার মাসে কক্সবাজারে অন্তত ১৫ লাখ পর্যটক ভ্রমণে আসেন। এর মধ্যে শতকরা ৭০ জন পর্যটক যাওয়ার সময় শুঁটকি কিনে নেন। কিন্তু এতে বিষ থাকায় বিপুলসংখ্যক লোক ক্যানসার, যক্ষ্মাসহ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। তাই লোকজনকে সুস্থ রাখার জন্য জেলেদের সচেতন করা হচ্ছে।কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শিশুবিশেষজ্ঞ অরূপ দত্ত জানান, শুঁটকি তৈরিতে অসাধু লোকজন বিষাক্ত ডিডিটি, নগস, ফুরাডান, ডায়াজিনস, ম্যালাথিয়ন, ডিপরেক্স, কার্বোফুরানসহ বিভিন্ন কীটনাশক মেশানোর খবর পাওয়া যায়। বিষ মেশানো শুঁটকি খেলে ক্যানসার, যক্ষ্মা, হাঁপানিসহ জটিল সব রোগ হতে পারে। গর্ভবতী মায়ের সন্তান বিকলাঙ্গ হতে পারে। এ ছাড়া শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।