সোনাদিয়ায় শুঁটকি তৈরির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ায় শুঁটকি তৈরির ধুম লেগেছে। শীত মৌসুম সামনে রেখে স্থানীয় শুঁটকি ব্যবসায়ীরা চর এলাকায় বাঁশ পুঁতে বিভিন্ন প্রজাতির শুঁটকি মাছ শুকাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, সোনাদিয়া দ্বীপের মগচর এলাকায় শুঁটকিমহালে রূপচাঁদা, লইট্যা, ছুড়ি, চিংড়ি, পাঁইশ্যা, লাক্ষা, উলা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ শুকানো হচ্ছে। সোনাদিয়ার পশ্চিমপাড়ার বাসিন্দা পরিবেশকর্মী মোহামঞ্চদ গিয়াস উদ্দিন জানান, প্রতিবছরের মতো এবারও শীত মৌসুম ঘিরে সোনাদিয়া দ্বীপে শুঁটকি তৈরির হিড়িক পড়েছে। প্রতি মৌসুমে এই দ্বীপ থেকে প্রায় এক কোটি টাকার শুঁটকি মাছ বিক্রি হয়।সোনাদিয়ার শুঁটকি ব্যবসায়ী ফজল করিম ও ফরিদুল আলম জানান, শীত মৌসুম সামনে রেখে মগচরের মহালে শুঁটকি মাছ তৈরি করা হচ্ছে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এ বছর কাঁচা মাছের দাম বেড়ে যাওয়ায় মাছ কিনে শুকাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। মাছে কোনো প্রকাশ বিষ মেশানো হচ্ছে কি না—জানতে চাইলে তাঁরা জানান, শুঁটকি মাছ তৈরি করার সময় কোনো প্রকার বিষাক্ত দ্রব্যাদি মেশানো হচ্ছে না। কিন্তু মাছ পচে যাওয়ার ভয়ে কিছু কিছু মাছে লবণ মেশানো হচ্ছে।তবে নুরুল আমিন নামের আরেক ব্যবসায়ী জানান, কয়েক দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন। তাই শুঁটকি মাছ শুকানো সম্ভব হচ্ছে না।স্থানীয় কুতুবজোম ইউপির সদস্য আবদুল গফুর প্রথম আলোকে বলেন, এই দ্বীপে শুঁটকি মাছ তৈরির জন্য মগচরে মাত্র একটি শুঁটকিমহাল রয়েছে। এতে স্থানীয় ও বাইরের লোকজন মিলে অন্তত ৫০ জন ব্যবসায়ী এক মাস ধরে শুঁটকি মাছ শুকাচ্ছেন। পরে এসব শুঁটকি মাছ ব্যবসায়ীরা দ্বীপের বাইরে নিয়ে বিক্রি করবেন। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, সোনাদিয়ার শুঁটকি বিখ্যাত শুঁটকি হিসেবে পরিচিত। প্রতিবছরের মতো এবারও শীত মৌসুম সামনে রেখে সোনাদিয়ার চরে শুঁটকি তৈরির ধুম পড়েছে।