সোনাদিয়ায় ৩১০ একর প্যারাবন ফের বেদখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রতিবেশ সংকটাপন্ন এলাকা সোনাদিয়া দ্বীপ। এই দ্বীপে পরিবেশ অধিদপ্তরের উদ্ধার করা ৩১০ একর বনভূমি (প্যারাবন) স্থানীয় এক প্রভাবশালীর নেতৃত্বে ফের বেদখল হয়ে গেছে। এখন সেখানে ৮-১০টি চিংড়িঘের তৈরির কাজ করছে প্রভাবশালী চক্রটি।দখলকৃত প্যারাবন নিয়ন্ত্রণে রাখতে ভূমিদস্যুরা রাতারাতি বিএনপি থেকে আওয়ামী লীগের নেতা বনে গেছেন। অন্যদিকে প্রায় তিন মাস পেরিয়ে গেলেও পরিবেশ অধিদপ্তরের পরিচালক কর্তৃক জরিমানার সাড়ে ২২ লাখ টাকা গত বুধবার পর্যন্ত আদায় করা সম্ভব হয়নি বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, ঢাকায় বসবাসকারী মহেশখালীর এক প্রভাবশালী ব্যক্তি ভূমিদস্যুদের নানাভাবে সহযোগিতা করছেন। ওই নেতার হস্তক্ষেপে একসময়ের বিএনপি নেতা আবদুল গফুর ওরফে নাগু কয়েক মাস আগে যোগ দিয়ে এখন আওয়ামী লীগের নেতা। সম্প্রতি অনুষ্ঠিত মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে গফুরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনাদিয়া ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত করা হয়। এই গফুরের নেতৃত্বেই ভূমিদস্যুরা পুরো সোনাদিয়া দ্বীপ দখলের চক্রান্ত চালাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ মার্চ সকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দ্বীপের ৩১০ একর প্যারাবন ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করেন। এ সময় ওই জমির ওপর নির্মিত কয়েকটি চিংড়িঘেরের বাঁধ কেটে দেওয়া হয় এবং দখলদার আবদুল গফুর, মোস্তফা কামাল ও জাহাঙ্গীর আলমকে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার শাখার সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, আবদুল গফুরসহ অন্যরা পলাতক থাকায় গতকাল পর্যন্ত জরিমানার টাকা আদায় করা সম্ভব হয়নি। তবে উপজেলা ও পুলিশ প্রশাসন সহযোগিতা করলে এত দিনে জরিমানার টাকা আদায় হয়ে যেত বলে দাবি করেন তিনি।উপকূলীয় বন বিভাগ মহেশখালীর গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর ইকবাল জানান, উদ্ধারের দুই দিন পর অর্থাৎ গত ২৩ মার্চ বিকেলে ভূমিদস্যুরা ফের ওই বনভূমি দখল করে নেয়। এরপর বনভূমির চারদিকে মাটির বাঁধ দিয়ে নতুন করে আট থেকে ১০টি চিংড়িঘের তৈরি করছে। কিন্তু লোকবল-সংকটের কারণে বন বিভাগ অভিযান চালাতে পারছে না।নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের আরেক কর্মকর্তা জানান, ভূমিদস্যুরা গোটা দ্বীপটি দখলের চেষ্টা চালাচ্ছে। পুরো দ্বীপের আড়াই হাজার একর জমিতে এক মৌসুম চিংড়ি চাষ করা গেলে কমপক্ষে কয়েক শ কোটি টাকা আয় করা সম্ভব। অভিযুক্ত আবদুল গফুর প্রথম আলোকে বলেন, ‘৩১০ একর বনভূমি আমার পৈতৃক সম্পত্তি। নিজের জমিতে ঘের করলে কারও ক্ষতি হওয়ার কথা না। তা ছাড়া এখানে বন বিভাগের কোনো গাছ নেই। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গত ২১ মার্চ ভুল তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চালান এবং আমিসহ কয়েকজনকে দখলদার চিহ্নিত করে জরিমানা করেন।’বন বিভাগ সূত্র জানায়, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা-কর্মীরা দিনে-দুপুরে দ্বীপের প্রায় দেড় হাজার একর বনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে লাখ লাখ গাছ পুড়ে ছাই হয়ে যায়। পরে সেখানে ২১টি চিংড়িঘের তৈরি করেন তাঁরা। সে সময় দখলে নেতৃত্ব দেন সোনাদিয়া বিএনপির তৎকালীন সভাপতি আবদুল গফুর। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিএনপির সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহসহ অন্যদের দখলে থাকা এক হাজার ৪৮৫ একর বনভূমি উদ্ধার করে এবং ১৩টি চিংড়িঘের উচ্ছেদ করে।তখন উপকূলীয় বন বিভাগের সোনাদিয়ার বিট কর্মকর্তা মো. আওরঙ্গ আলম চৌধুরী বাদী হয়ে মহেশখালী থানায় (২০০৭ সালের ২ আগস্ট) সাবেক সাংসদ আলমগীরসহ ১৭ জন প্রভাবশালীর বিরুদ্ধে ১০১ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৯০০ টাকার একটি ক্ষতিপূরণ মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সালের ২৩ মার্চ সোনাদিয়ার আবদুল গফুরসহ কয়েকজন প্রভাবশালী উদ্ধার করা এক হাজার ৪৮৫ একর বনভূমি থেকে ৬১০ একর দখল করে আবার ১৩টি চিংড়িঘের তৈরি করেন। ২০১০ সালের ৬ নভেম্বর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওই ১৩টি ঘের উচ্ছেদ করে এবং ৬১০ একর ভূমিও উদ্ধার করে। পরে তা আবার বেদখল হয়ে যায়। এ ব্যাপারে বন বিভাগ গফুরসহ ৪০ ভূমিদস্যুর বিরুদ্ধে শত কোটি টাকার পৃথক চারটি ক্ষতিপূরণ মামলা দায়ের করে। তার পরও জমি দখলে রাখতে পারেনি বন বিভাগ। উপকূলীয় বন বিভাগ কক্সবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক বলেন, ‘কক্সবাজারে আমি সবে যোগদান করেছি। সবকিছু দেখে কার্যকর ব্যবস্থা গ্রহণের দিকে এগোচ্ছি।’ বিদায়ী এসিএফ এম এ হাসান জানান, দুর্গম দ্বীপ হওয়ায় উচ্ছেদ করা ভূমি বন বিভাগের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। ওই দ্বীপে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও পুলিশের কোনো ফাঁড়ি নেই। তিনজন প্রহরি দিয়ে সোনাদিয়া দ্বীপের বিশাল বনভূমি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সরকার পরিবেশ রক্ষার স্বার্থে এই দ্বীপটিকে ১৯৯৫ সালে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে।