সোনাদিয়ায় ৩৪ প্রজাতির ১০ হাজার পাখি গণনা
বঙ্গোপসাগরের উপকূলীয় দ্বীপ সোনাদিয়ায় ৩৪ প্রজাতির প্রায় ১০ হাজার জলচর পাখির সন্ধান পাওয়া গেছে। গত ১১ মার্চ থেকে ১৪ মার্চ সন্ধ্যা পর্যন্ত ওই দ্বীপে জরিপ চালিয়ে এসব পাখির সন্ধান পান গবেষকেরা। বাংলাদেশ ‘চামচঠুঁটো বাটান’ (Spoon billed Sandpiper) সংরক্ষণ প্রকল্পের আওতায় সোনাদিয়ায় এই জলচর পাখি গণনা কর্মসূচি পরিচালনা করা হয়। গবেষক দলের প্রধান সমন্বয়কারী সায়েম ইউ চৌধুরী বলেন, ‘পৃথিবীতে প্রায় ৩৫০টি প্রাপ্তবয়স্ক চামচঠুঁটো বাটান বেঁচে আছে বলে আমরা ধারণা করি। এর মধ্যে সোনাদিয়াতেই আমরা পেয়েছি ২৪টি, যা বাংলাদেশ ও সারা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সংখ্যা।’ তিনি বলেন, সোনাদিয়া দ্বীপ এই বিলুপ্তপ্রায় প্রজাতির পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাসস্থল। দ্বীপের প্রতিবেশব্যবস্থা ও কাদাচর টিকে থাকলে এই পাখিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব।সায়েম ইউ চৌধুরী জানান, চার দিনে ৩৪ প্রজাতির পাখি গণনা করা হয়েছে। এর মধ্যে ১৯ প্রজাতির সৈকত পাখি, তিন প্রজাতির হাঁস, চার প্রজাতির গাংচিল, চার প্রজাতির পানচিল ও চার প্রজাতির বক রয়েছে। মোট সংখ্যার ৬০ শতাংশ পাখি ছিল ‘ছোট ধুলা জিরিয়া’ ও ‘বড় ধুলা জিরিয়া’।গবেষক দলের সূত্রে জানা গেছে, এবারের জরিপে প্রায় ১০ হাজার জলচর পাখি গণনা করা গেছে। এর মধ্যে বিশ্বব্যাপী বিপন্ন তিনটি নর্ডম্যানের সবুজ পা (Nordmann’s Green Shank), সংকটাপন্ন বড় নটসহ (Great Knot) অন্যান্য গুরুত্বপূর্ণ সৈকত পাখি পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষক দলটির দুই সহকারী মো. ফয়সাল ও ওমর শাহাদাত জানান, চামচঠুঁটো বাটান ছাড়াও বিশ্বের বিপন্ন ও গুরুত্বপূর্ণ পাখির আবাসস্থল এবং সামুদ্রিক কচ্ছপের প্রজননকেন্দ্র হিসেবে সোনাদিয়া দ্বীপটি গুরুত্বপূর্ণ। কিন্তু এখানকার সবুজ প্যারাবন উজাড় ও প্রাকৃতিক পরিবেশ বিনষ্টের কারণে পাখির বিচরণক্ষেত্র দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে। পাখি বিশেষজ্ঞরা জানান, প্রতিবছর শীতের শুরুতে হাজার হাজার পরিযায়ী পাখি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে এই দ্বীপে ছুটে আসে এবং গ্রীষ্মের শুরুতে আবার ফিরে যায় প্রজননের জন্য। তাঁরা বলেন, কিন্তু এই দ্বীপে বহুল আলোচিত গভীর সমুদ্রবন্দর স্থাপন করা হলে পাখি ও সামুদ্রিক কচ্ছপের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। যদিও দ্বীপটি সংরক্ষণের জন্য সরকার ১৯৯৯ সালে সোনাদিয়াকে ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করেছে।