সোনাবানুর বাড়িটি ফের দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরে আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসীরা গত শনিবার একটি পরিবারের ওপর হামলা চালিয়ে বাড়ি দখলের চেষ্টা চালিয়েছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। তাঁরা হলেন সোনাবানু (১০৩), তাঁর ছেলে রফিকুল হোসেন (৫৫) ও তাঁর স্ত্রী ফজিলা খাতুন (৪১) এবং ইকবাল হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী ফাহিমা আক্তার (৩৯)।প্রয়াত মুক্তিযোদ্ধা আমির উদ্দিন মণ্ডলের স্ত্রী সোনাবানু ও তাঁর ছেলে রফিকুল অভিযোগ করেন, যুবলীগের কর্মী গোলাম মাসুদের নেতৃত্বে ১২-১৪ জন সন্ত্রাসী শনিবার সকালে শহরের মুখার্জীপাড়ায় তাঁদের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা, জানালা, আসবাবপত্র ভাঙচুর করে। এতে বাধা দিলে তারা ঘরের লোকজনকে মারধর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার সন্ত্রাসীকে আটক করলেও পরে ছেড়ে দেয়।রফিকুল জানান, হামলাকারী ও তাদের স্বজনেরা প্রায় পাঁচ দশক ধরে তাঁদের বাড়িটি দখল করে রেখেছিল। উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও প্রভাবশালী ব্যক্তিদের কারণে তাঁরা বাড়িটি দখলে নিতে পারেনি। ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘সোনাবানুর বাড়ি থেকে জামায়াতপন্থীদের আছর কাটবে না’ শীর্ষক একটি সংবাদ ছাপা হয়। ২৭ ফেব্রুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে স্থানীয় প্রশাসন দখলদারদের উচ্ছেদ করে বাড়িটি তাঁদের বুঝিয়ে দেন। তিনি জানান, হামলাকারীদের বিরুদ্ধে থানায় এর আগে তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। কিন্তু পুলিশ কোনো ভূমিকা না নেওয়ায় তারা শনিবার হামলা চালিয়েছে।এ হামলার ঘটনায় অভিযুক্ত গোলাম মাসুদসহ আরও বেশ কয়েকজন জানান, ষাটের দশকে সরকারিভাবে অধিগ্রহণ করা এ সম্পত্তি তাঁদের পূর্ব পুরুষেরা কেনেন। সেখানে তাঁরা প্রায় ৩৫ বছর ধরে বাস করে আসছিলেন। কিন্তু ২২ বছর আগে সোনাবানুর স্বামী জাল কাগজ করে বাড়িটি তাঁর দাবি করে মামলা করেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনীকে প্রভাবিত করে তাঁরা বাড়িটির দখল নেন। তাঁরা আরও জানান, শনিবারের হামলার সঙ্গে তাঁরা জড়িত নন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম সোনাবানুর বাড়িতে হামলার কথা স্বীকার করে বলেন, পুলিশ কাউকে আটক করেনি, ছাড়েওনি।