
দিনাজপুরের কাহারোল উপজেলার হাসিলা গ্রাম। ১২ আগস্ট দুপুরবেলা। সোনাভানের বাড়িতে থইথই পানি। স্বামী আবদুর রহমান তখন কুমিল্লায়। চারদিকে পানি আর পানি। তলিয়ে গেছে প্রতিবেশীদের ঘরদোরও। বাঁচার উপায় কী তবে? নিজেদের তিন সন্তান আর দেবরের ছেলেকে নিয়ে রওনা হলেন আশ্রয়কেন্দ্রে। কিন্তু আশ্রয়কেন্দ্রে ঠাঁই নাই, ঠাঁই নাই। গিজগিজ করছে মানুষ। জায়গা নেই পা ফেলবার। দিশেহারা সোনাভান বাড়ির পথেই পা বাড়ালেন আবার। ৭ বছরের ছোট মেয়েকে নিলেন কাঁধে, ডান হাতে শক্ত করে ধরলেন ৯ বছরের ছেলেকে, ১১ বছরের ভাতিজাকে ধরলেন বাঁ হাতে, পঞ্চম শ্রেণিতে জিপএ-৫ পাওয়া ১৩ বছরের মেয়ে মায়ের আঁচল ধরে পেছনে পা ফেলতে থাকে সাবধানে। সোনাভান টের পান দ্রুতবেগে বাড়ছে পানি, রাক্ষুসে পানি। যাবার সময় যেখানে হাঁটুপানি, ফেরার সময় সেখানে কোমরসমান। কোমর ছাড়িয়ে পানি উঠতে থাকে বুকের নিশানায়। হঠাৎ পানির প্রচণ্ড এক তোড়ে তলিয়ে যান সোনাভান। যখন পানি থেকে কাঁধ জাগাতে পারলেন, দেখলেন কাঁধের মেয়েটি নেই, দু হাতে ধরা দুই ছেলে নেই, আঁচল ধরা মেয়েটিও নেই। নেই, নেই—সোনাভানের কেউ নেই। বুকভরা ‘নেই নেই’ হাহাকার নিয়ে তবু বেঁচে আছেন সোনাভান।
গতকাল সোমবার সোনাভানের বাড়িতে গিয়ে তাঁকে একটি সেলাইমেশিন দেওয়া হলে বললেন, ‘সারা দিনে বাড়িত বসি কাজ করা যাবে। দিনের বেলা মানুষ থাইকলে এনা ভাল্লাগচে। মানুষ সবাই চলি গেলে রাইতের বেলা বাসায় আর থাইকতে মন চায় না। জানটা বাইর হয়া যায়। ছাওয়াগুলা মরি যায়া বাড়ির পেরান হারি গেচে। এল্যা সেলাইমেশিন পায়া বাড়িত সবাই আসার ছলে বাড়িটাত পেরান ঘুরি আইল।’
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের মধ্যে ধানের চারা, সবজিবীজ, ত্রাণসামগ্রী ও একটি সেলাইমেশিন বিতরণ করেছেন বন্ধুসভার সদস্যরা।
আক্কেলপুর (জয়পুরহাট)
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৬ জন কৃষককে চিনি আতপ ধানের চারা দেওয়া হয়েছে। গতকাল পৌর শহরের শহীদ ছমির উদ্দিন মণ্ডল স্মৃতি পার্কে এসব চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান কৃষকদের হাতে ধানের চারা তুলে দেন। এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইদ্রিস আলী, আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলার নলডাঙ্গা গ্রামের কৃষক আজিজার রহমান বলেন, ‘এনজিওর ঋণ নিয়ে দুই বিঘা জমিতে ধান রোপণ করেছিলাম। বন্যায় খেত নষ্ট হয়েছে। ভেবেছিলাম হয়তো আর ধান রোপণ করতে পারব না। ধানের চারা পেয়ে খুবই উপকৃত হলাম।’
নওগাঁ
নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নে গতকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ জন কৃষকের মধ্যে সরিষাসহ বিভিন্ন জাতের সবজিবীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে দেড় বিঘা মাটিতে চাষের জন্য ৮০০ গ্রাম করে সরিষাবীজ এবং শিম, মুলা, লালশাক, বরবটি ও পালং শাকের বীজ দেওয়া হয়।
বীজ হাতে পেয়ে শিমুলিয়া গ্রামের আতাউর রহমান বলেন, ‘বন্যায় হামার পাঁচ বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। ম্যালা দাম দিয়ে চারা কিনে এক বিঘা জমিত ধান লাগাতে পারছি। আজ যে সরিষা ও সবজিবীজ প্যালাম, তা চাষাবাদ করলে হামার সারা বছর চলে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন আমাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন, ইউপি সদস্য জাহানারা বেগম, স্থানীয় সমাজকর্মী মুনিরুজ্জামান চৌধুরী মিলন প্রমুখ।
রাজবাড়ী
রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়েছে। ইউনিয়ন তিনটি হলো কালুখালীর রতনদিয়া, কালিকাপুর ও পাংশার হাবাসপুর।
বীজ বিতরণে সহযোগিতা করেন কালুখালী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আজিজ, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শিক্ষক শামসুল ইসলাম, ইউপি সদস্য বিল্লাল হোসেন, সমাজ উন্নয়নকর্মী সান্ত্বনা বিশ্বাস প্রমুখ।
এ সময় বন্ধুসভার সহসভাপতি শামীমা আক্তার মুনমুন, সাধারণ সম্পাদক শুভ চন্দ্র সিং প্রমুখ উপস্থিত ছিলেন।
বীজ পেয়ে হরিণবাড়িয়া গ্রামের কৃষক বান্দু শেখ বলেন, ‘আগে বন্যা আইলে রিলিফ পেতাম। এবার বেছন পেলাম। খুব ভালো লাগছে। নিজের খেতে নিজেই চাষ করতে পারব।’
কেশবপুর (যশোর)
‘জলাবদ্ধতার পরে আমাগের কেউ খোঁজ নেয় না। তোমরা যা দিলে তা দিয়ে বাড়ি গিয়ে খেয়ে বাচপানে।’ সাহায্যসামগ্রী পেয়ে নিজের অনুভূতির কথা বললেন হাবাসপোল গ্রামের বৃদ্ধ সোনাই মোড়ল।
যশোরের কেশবপুরের রক্তকরবী উন্মুক্ত মঞ্চে গতকাল জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১২৭ জনকে ত্রাণসামগ্রী দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও আলু।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কেশবপুর কলেজের শিক্ষক তুহিন আলম, মহাসিন আলী ও আলমগীর হোসেন। কেশবপুরে এ বছর জলাবদ্ধতায় ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বগুড়া
‘বানের পানিত খ্যাতের আবাদ সব শ্যাষ। পানি নামে গেচে, কিন্তু লতুন করে ধান লাগাবার বিছন পাচ্চি না। মাসকলাইয়ের বীজডা প্যায়া খুব উপকার হলো।’ মাসকলাইয়ের ভিত্তি বীজ পেয়ে কথাগুলো বলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের যমুনা নদীর দুর্গম ধারাবর্ষা চরের চাষি সোলায়মান আলী।
বগুড়ার ধারাবর্ষা চরে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক চাষির হাতে গতকাল শষ্য ও সবজিবীজ তুলে দেওয়া হয়। এসব বীজ দিয়ে চাষিরা এক বিঘা জমিতে সবজি ও শস্য চাষ করতে পারবেন। বীজের মধ্যে ছিল মাসকলাই, লালশাক, পালংশাক, মুলা, ধনিয়া, টমেটো, মরিচ, সরিষা প্রভৃতি।
(প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর)