সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি শুরু
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও ভারতের মহদিপুর স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু করেছে। গতকাল রোববার দুপুরে দুই বন্দরের শূন্যরেখায় উভয় বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের পর ভারত থেকে পণ্যবাহী ট্রাকের প্রবেশ আবার শুরু হয়। সূত্র জানায়, ভারতীয় ট্রাকচালকদের মারধর করার প্রতিবাদে ও তাঁদের কাছ থেকে চাঁদা আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শস্তিমূলক ব্যবস্থা নেওয়াসহ পাঁচ দফা দাবিতে গত শনিবার সকালে ভারতীয় রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও ট্রাক বন্দোবস্তকারীরা বাংলাদেশে রপ্তানি পণ্যের ট্রাক প্রবেশ বন্ধ করে দেন। বৈঠকে সোনামসজিদ স্থলবন্দরের পক্ষে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারজিল হাসান। অন্যদিকে ভারতের মহদিপুর স্থলবন্দরের পক্ষে নেতৃত্ব দেন মহদিপুর বন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুখলেসুর রহমান চৌধুরী। বৈঠক শেষে শারজিল হাসান বলেন, ভারতীয় ব্যবসায়ীদের পাঁচটি দাবি নিয়েই প্রায় দেড় ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। দাবিগুলো হলো, গত বৃহস্পতিবার মারধরের শিকার ভারতীয় ট্রাকচালক বিশু মিয়ার চিকিৎসা ব্যয় বহন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, ভারতীয় ট্রাকচালকদের থাকার জন্য শেড নির্মাণ, দ্রুত মালামাল খালাসের ব্যবস্থা করা এবং বন্দরে ভারতীয় ট্রাকচালকদের কাছ থেকে সব ধরনের চাঁদা আদায় বন্ধ করা।