সোনামসজিদ স্থলবন্দরে আটকা পড়েছে কাঁচা পণ্যবাহী বহু ট্রাক
আদালতের রায়ের প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটে মঙ্গলবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এখান থেকে আন্তজেলা ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হঠাৎ ডাকা ধর্মঘটে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
অন্যদিকে সোনামসজিদ স্থলবন্দর থেকে আমদানি পণ্যবাহী কোনো ট্রাক ছেড়ে আসতে পারেনি। এ কারণে ফল, পেঁয়াজসহ শতাধিক কাঁচা পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বন্দরে।
বন্দর পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) মাইনুল ইসলাম জানান, ধর্মঘটের কারণে পেঁয়াজ, ফলসহ কাঁচা পণ্যবোঝাই বাংলাদেশি ৬০টির বেশি ট্রাক দেশের অভ্যন্তরে যেতে পারছে না। অন্যদিকে আজ মঙ্গলবার আমদানি পণ্যবোঝাই প্রায় ৩০০ ভারতীয় ট্রাক বন্দরে ঢুকেছে। এসব পণ্য খালাস বন্ধ রয়েছে। এর মধ্যেও কাঁচামালবোঝাই ট্রাক রয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ জানান, পণ্য খালাসের কাজ বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন এখানে কর্মরত কয়েক শ শ্রমিক। দু-এক দিনের মধ্যে ধর্মঘট প্রত্যাহার না হলে আমদানি করা কয়েক কোটি টাকার কাঁচা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।