সোনামুখী উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরে গতকাল শনিবার শীতের সাত সকালটা ছিল একটু অন্য রকম। শিশিরভেজা সকালে বিদ্যালয়ের নবীন-প্রবীণ শিক্ষার্থীরা একে একে এসে জড়ো হচ্ছিলেন বিদ্যালয় মাঠের অনুষ্ঠান মঞ্চের কাছে। দীর্ঘদিন পর সহপাঠীর সঙ্গে দেখা হওয়ায় একে অপরকে বুকে জড়িয়ে ধরছেন। কিছুক্ষণের জন্য তাঁরা ফিরে যাচ্ছিলেন শৈশবের সেই স্মৃতিময় দিনগুলোতে।
গতকাল শনিবার জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সোনামুখী উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানটি ছিল বিদ্যালয়ের নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা।
সকাল আটটা বাঁজতেই ক্যাপ-গেঞ্জি পরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকেরা অনুষ্ঠানের মঞ্চ থেকে শতবর্ষ পূর্তির ব্যানার হাতে এগোতে শুরু করেন পৌরশহরের দিকে। পরে বিদ্যালয়ের মাঠে এসে জড়ো হন তাঁরা। সকাল ১০টার কিছু আগে বিদ্যালয়ের জাতীয় পতাকা স্ট্যান্ডের সামনে এসে নামেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শশী ভূষণ চক্রবর্তীর নাতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা তাঁকে স্বাগত জানান। জাতীয় সংগীতের মাধ্যমে সৌরেন্দ্র নাথ চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।