সোনার দোকান ডাকাতি ও চুরির ঘটনায় গ্রেপ্তার ৭
রাজধানীর মিরপুরে মুক্তিযোদ্ধা মার্কেটে সোনার দোকানে ডাকাতি ও চুরির পৃথক ঘটনায় জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং চোরাই ২০ ভরি সোনা উদ্ধার করা হয়। ডিবি সূত্র জানায়, ৯ মার্চ আট-নয়জন ডাকাত মিরপুর-১ নম্বরের মুক্তিযোদ্ধা মার্কেটের সানন্দা জুয়েলার্সে ঢুকে অস্ত্রের মুখে ৮৫ লাখ ৪৪ হাজার টাকা দামের ২৬৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এর দেড় মাস পর একই মার্কেটের দেওয়ান জুয়েলার্সের ৭৮২ ভরি অলংকার চুরি হয়। চোরের দল রাতে দেওয়ান জুয়েলার্সের দেয়াল ভেঙে ভেতরে ঢোকে। শুক্রবার রাতে ঢাকার ধানমন্ডি ও গাজীপুর থেকে ডাকাতির সঙ্গে জড়িত ইয়াকুব, কালাম, বাবলু ও রফিকউল্লাহকে গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহূত সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। ওই রাতে ডিবি গাজীপুরের কালিয়াকৈর থেকে সোনার দোকান চুরির সঙ্গে জড়িত আমির, আলম ও আব্বাস আলীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২০ ভরি অলংকার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার করা ব্যক্তিরা ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।