সোনার দোকানে চুরির ঘটনা কিনারা করতে পারছে না পুলিশ
রাজধানীর হাতির-পুলে ইস্টার্ন প্লাজায় সোনার দোকানে চুরির পর চার দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত কোনো কিনারা করতে পারেনি পুলিশ। গত ১ ফেব্রুয়ারি ইস্টার্ন প্লাজার চতুর্থ তলায় গ্রাম বাংলা জুয়েলার্স থেকে ৬৫০ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করছেন কলাবাগান থানার পরিদর্শক ইলিয়াস হোসেন।ইলিয়াস হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, চুরির ঘটনায় এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দোকানের কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।তদন্ত কর্মকর্তা আরও জানান, মার্কেটের চতুর্থ তলায় তিনটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা সচল ছিল। মেঝেসহ গ্রাম বাংলা সোনার দোকানের দরজা সিসি ক্যামেরার আওতায় ছিল। কিন্তু সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্রে চুরির কোনো দৃশ্য ধরা পড়েনি। গ্রাম বাংলা জুয়েলার্সের মালিক বিমল চন্দ্র বোস প্রথম আলোকে বলেন, ফলস সিলিংয়ের ওপরের অংশ সিসি ক্যামেরার আওতায় ছিল না। দোকানের ১১টি তালা ও শাটারও ছিল অক্ষত। দোকান কর্মচারী কিংবা নিরাপত্তাকর্মী কাউকেই সন্দেহ করছেন না তিনি।