সোনার দোকানে ডাকাতি, মালিক-কর্মচারী গুলিবিদ্ধ
পুরান ঢাকার তাঁতীবাজার এলাকার একটি স্বর্ণালংকারের দোকানে ঢুকে মালিক ও কর্মচারীকে গুলি করে গয়না লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্যমতে ডাকাতেরা সাত আট ভরির মতো সোনা নিয়ে গেছে।
আহত মালিক ও নকশাকার সুমন সূত্রধর (৩৭) ও তাঁর কর্মচারী গঙ্গা চন্দ্রকে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে সাত-আটজন সশস্ত্র ডাকাত ৮১ তাঁতীবাজারের নবাব মার্কেটের নিচতলায় সুমনের সোনার গয়নার দোকানে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতেরা সুমনের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সব গয়না ও টাকা দিয়ে দিতে বলে। একপর্যায়ে ডাকাতেরা দোকানের শো-কেসে সাজানো সোনার গয়না ও ক্যাশবাক্স থেকে নগদ টাকা লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় সুমন ও গঙ্গাকে লক্ষ্য করে গুলি করে। এতে সুমন ও গঙ্গার পায়ে গুলি লাগে। সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গঙ্গাকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোকানের আরেক কর্মচারী রবিন সরকার প্রথম আলোকে বলেন, তাঁতীবাজারের নবাব মার্কেটে শত শত মানুষের ভিড় থাকে। ডাকাতেরা দোকানে ঢোকার আগে ককটেল ফাটালে মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মার্কেটে আসা লোকজন ও আশপাশের দোকানিরা দোকান বন্ধ করে নিরাপদ স্থানে চলে যায়। মুহূর্তের মধ্যে মার্কেটের নিচতলা ফাঁকা হয়ে যায়। তিনি বলেন, অস্ত্রের ভয়ে কেউ ডাকাতদের কাছে যেতে সাহস পাননি। ঘটনার সময় তিনি দোকানের পেছনে গয়নায় নকশার কাজ করছিলেন। ডাকাতি হওয়া সোনার গয়না কিংবা টাকার পরিমাণ কত—তা তিনি জানাতে পারেননি।
বিকেলে যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ জালাল বলেন, ডাকাতেরা দোকানের মালিককে গুলি করে সাত-আট ভরির মতো সোনার গয়না নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়নি। জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।