ঢাকা থেকে সিলেট হয়ে বাসে শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিকে যেতে সড়কের দুই পাশে হাওর শুরু হওয়ার আগেই বাতাসে কটু গন্ধ পাওয়া গেল। বাস যতই সুনামগঞ্জের দিকে এগোচ্ছিল, গন্ধটা ততই তীব্র হয়ে উঠছিল। পাটগাছ জাগ দিলে পানি থেকে যে রকম গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে, এই গন্ধ তার চেয়ে অনেক বেশি তীব্র।
বাসের যাত্রীদের জিজ্ঞাসা করি, তাঁরা এই গন্ধ সম্পর্কে কিছু জানেন কি না। একজন বললেন, হাওরের সব ধানগাছ কাঁচা ধানসুদ্ধ পানিতে তলিয়ে গেছে। পানির নিচে পচন শুরু হয়েছে, এটা তারই দুর্গন্ধ। একজন বললেন, সার, কীটনাশক ইত্যাদি ধানগাছের সঙ্গে পচে গিয়ে এই দুর্গন্ধ ছুটেছে। মাছ মরে যাচ্ছে। এইবার মানুষও মরবে।
শেষ বাক্যটা তিনি বললেন রসিকতার সুরে। তাঁর কথা ধরে আরেক যাত্রী বললেন, মানুষ তো গন্ধে মরবে না। প্রায় প্রতিবছরই বৃষ্টিতে হাওরের কিছু নিচু জায়গার ধান তলিয়ে যায়। তখন এ রকম গন্ধ হয়। তবে এবারের গন্ধটা খুবই বেশি।
আরেকজন বললেন, এই গন্ধ আরও বাড়বে। ধানের পচন তো সবে শুরু হয়েছে, পচন যখন আরও বাড়বে তখন যে কী দশা হবে কে জানে।
একটু পরেই সড়কের দুই পাশে দেখা গেল অথই সাগরের পানি। সন্ধ্যা ঘন হয়ে আসছে, আকাশভরা মেঘ, মিহি কণায় খুব ঘন হয়ে বৃষ্টি ঝরছে। সড়কের দুই পাশে বিস্তীর্ণ জলরাশি ধূসর-ধোঁয়াটে। ডান দিকে আঙুল নির্দেশ করে এক যাত্রীকে জিজ্ঞাসা করলাম, ওই হাওরের নাম কী? তিনি বললেন, ‘দেখার হাওর’। সত্যিই দেখার মতো দৃশ্য: পানি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। আমি হাত দিয়ে বাইরের জলরাশি দেখিয়ে জিজ্ঞাসা করলাম, ওইখানে কি ধান ছিল? তিনি সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় বললেন, যত দূর পানি দেখা যাচ্ছে তত দূর পর্যন্ত ছিল শুধু ধানখেত। কৃষকেরা ধান পাকার অপেক্ষায় ছিলেন, ধানে দুধ এসেছিল। ‘পানিতে সব নিছে।’
আরেক যাত্রী বললেন, খালি ধান গেছে না। যে পানিতে মাছ থাকে, সেই পানিই গেছে নষ্ট হয়ে। মাছ মরে মরে ভেসে উঠছে। সাত দিন মাছ খাওয়া নিষেধ করা হয়েছে। সুনামগঞ্জে এখন কেউ ভয়ে মাছ খাচ্ছে না। তাহলে দাঁড়াল এই যে পানিতে শুধু ধান গেল না, মাছও গেল।
কিন্তু রাতে সুনামগঞ্জ শহরে এক হোটেলে খেতে গিয়ে অভয়বাণী শুনতে পেলাম: সব হাওরের সব পানি দূষিত হয়নি, সব মাছ মরে ভেসে উঠছে না। অল্প কিছু জায়গায় মাছ মরে ভেসে ওঠার খবর পাওয়া গেছে। হোটেলের মালিক আমাকে বললেন, তাঁরা হাওরের রুই আর বাইন মাছ রেঁধেছেন, আমি নিশ্চিন্তে খেতে পারি। আমি বাইন মাছ খেলাম; প্রকৃতির সুস্বাদের কোনো হেরফের টের পেলাম না।
তবে সুনামগঞ্জ শহরে দুর্গন্ধ এখন সম্ভবত সবচেয়ে বেশি আলোচ্য বিষয়; অবশ্য খোদ শহরের ভেতরে গন্ধ ঠিক টের পাওয়া গেল না। বাসেই এক যাত্রী আমাকে বলেছিলেন, শহরের ভেতরে গন্ধ পাবেন না। হাওরগুলো শহর থেকে দূরে। কিন্তু শহরে গন্ধ না থাকলেও লোকজনের মধ্যে গন্ধ নিয়ে আলোচনা হচ্ছে। এক দোকানে দুজন গল্প করছিলেন, আমি তাঁদের কাছে জানতে চাইলাম, গন্ধ সম্পর্কে তাঁদের মনে কোনো ভীতি আছে কি না। তাঁরা আমাকে বললেন, বৃষ্টি হচ্ছে, গন্ধ চলে যাবে। কিন্তু গন্ধটা থেকে তাঁরা ক্ষতিকর কিছুর আশঙ্কা করছেন কি না, এই প্রশ্নের উত্তরে তাঁরা বললেন, ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। আর কোনো ক্ষতির আশঙ্কা নেই। কী ক্ষতি হয়ে গেছে জানতে চাইলে একজন আমার পরিচয় জানতে চাইলেন। আমি সাংবাদিক পরিচয় দিলে তিনিই আমাকে পাল্টা জিজ্ঞাসা করলেন, সুনামগঞ্জের মানুষের কী ক্ষতি হয়ে গেছে তা কি আমি জানি না?
তা সবাই জানে: ভারী বৃষ্টিপাত আর উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হাওরের প্রায় ৯০ শতাংশ বোরো ধান তলিয়ে গেছে, সর্বস্বান্ত হয়েছে দুই লাখের বেশি কৃষক পরিবার। এই ক্ষতির কথাই বলছিলেন ওই ভদ্রলোক। আসার পথে বাসে যেমন বলেছিলেন এক যাত্রী। সুনামগঞ্জেই বাড়ি তাঁর, শহরে চায়ের দোকান করেন, তবে ১০ কানি জমিরও মালিক। সেই জমি তিনি লিজ দেন, তা থেকে যে ধান পান, তা দিয়ে বছরের একটা বড় সময় ভাতের চাহিদা মেটে। এবার তিনি এক ছটাক ধানও পাবেন না। এবার তাঁকে সারা বছর চাল কিনে খেতে হবে। কী করে তা করবেন, কোথায় টাকা পাবেন, এই দুশ্চিন্তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাঁর। দুশ্চিন্তার কথা জানানোর সঙ্গে সঙ্গে ক্ষোভের কথাও জানালেন: ফসল রক্ষা বাঁধগুলো নির্মাণ ও মেরামত করা হয়নি। তিনি এক ঠিকাদারের কথা বললেন, তিনি নাকি সরকারের কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু বাঁধ তৈরি করেননি। তিনি ক্ষমতাসীন দলের রাজনীতি করেন, তাঁর ‘বিষদাঁত’ আছে, সেই বিষদাঁত এখন ভেঙে দেওয়া দরকার। কিন্তু ভেঙে দিলেও তো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পূরণ হওয়ার নয়। আর একজন বললেন, পানি উন্নয়ন বোর্ডের যে প্রকৌশলী সব চুরি-দুর্নীতির হোতা, তিনি নাকি পাবলিকের মার খাওয়ার ভয়ে নিজেই তদবির করে প্রত্যাহার নিয়ে সুনামগঞ্জ থেকে ভেগেছেন।
সুনামগঞ্জ আসার আগের সন্ধ্যায় ঢাকার সোনারগাঁও হোটেলে ড. কামাল হোসেনের ৮০ তম জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে আমার দেখা হয়েছিল পানি ও পরিবেশ বিশেষজ্ঞ ড. আইনুন নিশাতের সঙ্গে। গল্পে গল্পে সুনামগঞ্জের প্রসঙ্গ উঠলে তিনি বলেছিলেন, হাওর এলাকার ফসল রক্ষা বাঁধগুলোর নির্মাণ ও মেরামতের কাজ শুরু করা যায় জানুয়ারি মাস থেকেই। সেটা করা হলে আকস্মিক ঢল থেকে ফসল রক্ষা পেতে পারত। কিন্তু প্রতিবছরই বাঁধগুলো মেরামতের কাজ শুরু করা হয় এপ্রিলের দিকে। একই প্রসঙ্গে তিনি আরও বললেন, এ বছর মৌসুম আসার আগেই যে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল এসেছে, তা খুবই অস্বাভাবিক। সাধারণত বৃষ্টি ও ঢল আসার আগেই ধান পাকত এবং কৃষকেরা তা কেটে নিতে পারতেন। এবারের ব্যতিক্রম জলবায়ু পরিবর্তনের স্পষ্ট লক্ষণ। ভবিষ্যতে আবারও এ রকম হতে পারে। তাই ফসল রক্ষা বাঁধগুলো আগেভাগেই মেরামত করে ফেলা উচিত এবং তা নিয়মিতভাবে করা উচিত।
* মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক৷
mashiul. alam@gmail. com