সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডিতে তাঁর  প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডিতে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকীতে সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি এ দেশের মানুষের জন্য জীবন দিয়ে গেছেন। এখন আমাদের দায়িত্ব। দেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা। তাঁর জন্মদিনে এটাই আমাদের প্রতিজ্ঞা।’

আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শিশু সমাবেশে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। ছোট্ট সোনামণিদের তিনি লেখাপড়া শিখে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

শিশুদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, তোমাদের মাঝেই আগামী দিনের নেতৃত্ব আছে। হয়তো তোমরাই কেউ প্রধানমন্ত্রী হবে। বৈজ্ঞানিক হবে। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে শিশুদের সেভাবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

অতীতের কথা মনে করে প্রধানমন্ত্রী বলেন, ছোটবেলা থেকে শুনেছি সব সময় জাতির পিতা আবৃত্তি করতেন ‘উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই, ওরে ভয় নাই’। এই আবৃত্তি শুনতে শুনতে বড় হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন। এখন আমাদের দায়িত্ব দেশকে সুন্দর করে গড়ে তুলব। দেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা।’ বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।