সোনার বাংলা গড়তে ১৩ দফা মেনে নাও: শফী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী ‘সোনার বাংলা গড়তে’ সরকারকে তাঁদের ১৩ দফা দাবি মেনে নিতে বলেছেন। তিনি বলেছেন, সরকার ১৩ দফা না মানলে তাঁরা তা বাস্তবায়নের আন্দোলন চালিয়ে যাবেন।
আজ শুক্রবার বেলা তিনটার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে আয়োজিত ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহ আহমদ শফী এ কথা বলেন।
শাহ আহমদ শফী বলেন, ‘হেফাজত ইসলাম কাউকে গদিতে বসাতে বা নামাতে আন্দোলনে নামে নাই। আমরা আন্দোলন করছি ১৩ দফা বাস্তবায়নের জন্য। সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তারা মুসলমান হলে আমাদের ১৩ দফা মেনে নেবে।’
শাহ আহমদ শফী বলেন, ‘তাঁরা কোথাও কী স্বপ্ন দেখেছে, কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গি আছে। স্কুল-কলেজে তো দুই দল মারামারি-গোলাগুলি করে, জঙ্গি বললে তাদেরই বলতে হবে। বাংলাদেশের কোনো মাদ্রাসায় দুই দল মারামারি-গোলাগুলি করেছে, এ রকম প্রমাণ দিতে পারলে আমি তাদের পুরস্কৃত করব।’
শফী বলেন, ‘আমরা মৌলভিরা দেশকে সোনার বাংলা করতে চাচ্ছি। ১৩ দফা মানলে ভালো, না মানলে নেই।’ তিনি বলেন, ‘নাস্তিকদের গালি দিলে কারও গায়ে লাগলে আমার করার কিছু নেই। আল্লাহর দেশে থাকতে হলে, আল্লাহকে না দেখে আল্লাহর অস্তিত্ব মানতে হবে, না হলে তুমি আল্লাহর দেশে থাকতে পারবে না।’
সরকার সমর্থকদের উদ্দেশে শাহ আহমদ শফী বলেন, ‘আমরা তোমাদের প্রধানমন্ত্রীকে গালি দিই নাই। শুধু শুধু আমাদের দিকে চোখ বড় করে তাকাও কেন? তোমরা যদি মুসলমান হয়ে থাক ১৩ দফা মেনে নাও।’ তিনি আরও বলেন, ‘নাস্তিকরা, তোমরা মুরতাদ হয়ে গেছ, তোমাদের কতল (শিরশ্ছেদ) করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে।’
ইসলামি মহা সম্মেলনে সভাপতিত্ব করেন পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মওলানা জালাল আহমদ।