সোনার বাংলা সাংস্কৃতিক বলয় নতুন করে গড়ে তোলা হচ্ছে
ফলক উন্মোচনের এক দশক পরে প্রস্তাবিত সোনার বাংলা সাংস্কৃতিক বলয় নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। ১৯৯৭ সালের ৮ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ভেতরে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিল্পকলা একাডেমী থেকে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, জাতীয় জাদুঘর মিলে সোনার বাংলা সাংস্কৃতিক বলয় নামে একটি বিশালাকার স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা ছিল ওই প্রকল্পে। কিন্তু ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়।বর্তমান সরকার আবার সাংস্কৃতিক বলয়ের পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। গত ১১ এপ্রিল তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় সভায় দ্রুত সাংস্কৃতিক বলয়ের নতুন খসড়া প্রস্তাব উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।মূল প্রকল্প: প্রস্তাবিত সাংস্কৃতিক বলয়ের মধ্যে বাংলা একাডেমী, চারুকলা অনুষদ, কেন্দ্রীয় গণগ্রন্থাগার, জাতীয় জাদুঘর, রমনা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু একাডেমী, শিশু পার্ক, জাতীয় তিন নেতার মাজার ও স্মৃতিসৌধ, ঢাকা ক্লাব, অফিসার্স ক্লাব, গণগ্রন্থাগার অধিদপ্তর, টেনিস মাঠ, শিল্পকলা একাডেমী, কেন্দ্রীয় শহীদ মিনারসহ মোট ১৬টি স্থাপনা রয়েছে। সোনার বাংলা সাংস্কৃতিক বলয় পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ। এখানে স্তম্ভ ছাড়াও মুক্তিযুদ্ধের নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের জন্য ২৫৩ ফুট দৈর্ঘ্য ও ১২৬ ফুট প্রস্থের ভূগর্ভস্থ জাদুঘর, মাটির ওপরে স্তম্ভসংলগ্ন চত্বরে ৬০ ফুট ব্যাসের বৃত্তাকার জলাধার ও পাথুরে দেয়ালে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক মুর্যাল তৈরির পরিকল্পনা ছিল। এ ছাড়া মূল নকশা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনারের সম্প্রসারণ, শিল্পকলা একাডেমী তথা সেগুনবাগিচার সঙ্গে রমনা উদ্যান ও সোহরাওয়ার্দী উদ্যানের যোগসূত্র তৈরির জন্য উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা আছে। বইমেলার নির্ধারিত স্থান: প্রস্তাবিত বলয়ের পরিকল্পনায় বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। এ জন্য টিএসসি থেকে ঢাকা গেট পর্যন্ত ফুটপাতের পাশে ছোট ছোট অস্থায়ী স্টল নির্মাণ করা হবে। এগুলো ঢাকা আন্তর্জাতিক বইমেলা ও একুশে গ্রন্থমেলার জন্য বরাদ্দ দেওয়া হবে। মূল নকশা অনুযায়ী শহীদ মিনার: ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এবং ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে শিল্পী হামিদুর রাহমান একটি পূর্ণাঙ্গ ‘শহীদ মিনার কমপ্লেক্স’ নির্মাণের প্রস্তাব করেছিলেন। কিন্তু পাকিস্তান আমলে একবার এবং বাংলাদেশে তিনবার কেন্দ্রীয় শহীদ মিনারের সংস্কার হলেও কোনোবারই মূল নকশা-পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বলয়ের পরিকল্পনা অনুযায়ী মূল নকশা অনুসারে শহীদ মিনার সম্প্রসারণ করা হবে। পুলিশ কন্ট্রোল রুম স্থানান্তর করার প্রস্তাব: সাংস্কৃতিক বলয়ের অভ্যন্তরে কোনো ভবনই সংশ্লিষ্ট এলাকার গাছ থেকে উঁচু হবে না। বড় স্থাপনাগুলো হবে ভূতলে। এ কারণে প্রস্তাবিত বলয়ের ভেতরে ঢাকা মহানগর পুলিশ কন্ট্রোল রুমটি থাকবে না। সংস্কৃতি মন্ত্রাণালয় সূত্রে জানা গেছে, এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়মতান্ত্রিকভাবে অবহিত করা হয়েছে।স্থাপনাগুলোর বর্তমান অবস্থা: শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও সংগীত কেন্দ্রের নির্মাণ সম্পন্ন হয়েছে। জাতীয় চিত্রশালা চালু থাকলেও নকশা অনুসারে নির্মাণকাজ পুরো শেষ হয়নি। স্বাধীনতা স্তম্ভের প্রকল্পে ভূগর্ভস্থ জাদুঘরসহ বেশ কিছু কাজ বাকি। বাংলা একাডেমীতে একুশে ভবন নির্মাণাধীন। শহীদ মিনারের সম্প্রসারণ ও রমনা উদ্যানে রবীন্দ্র মঞ্চের কাজ শুরুই হয়নি।সাংস্কৃতিক বলয়ের মূল উদ্দেশ্য সম্পর্কে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী সোহরাওয়ার্দী উদ্যান ও সংলগ্ন এলাকার বিভিন্ন স্থাপনার সমন্বয়ে সাংস্কৃতিক পর্যটনকেন্দ্র গড়ে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।’প্রকল্পের অবস্থা সম্পর্কে সংস্কৃতি সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ‘শিগগিরই কাজ শুরু হবে। সংস্কৃতি বলয়ের প্রস্তাব চূড়ান্ত হওয়ার পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা অধিদপ্তরকে এ ব্যাপারে অবহিত করা হবে। মাস্টারপ্ল্যান তৈরির জন্য স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলো মাথায় রেখে একটি পর্যটন ডায়েরি করা হবে। এতে পর্যটকদের আগ্রহ বাড়বে।’