সোনার বার উদ্ধারের মামলায় কারাদণ্ড
চট্টগ্রামে সোনার বার চোরাচালানের মামলায় এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন।
আসামির নাম মো. বদিউল আলম।
এই আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ২৮ অক্টোবর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা প্রবাসী বদিউলের কাছ থেকে ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দরে কর্মরত কাস্টমসের তৎকালীন সহকারী রাজস্ব কর্মকর্তা এ বি এম রেজাউল করিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নগরের পতেঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ৯ এপ্রিল পুলিশ আসামি বদিউলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। একই বছরের ৩০ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত হাজির ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।