সোনার বার পাচারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারীকে বরিশাল বিমানবন্দরে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। গতকাল রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সোনার বার পাচারের চেষ্টার ঘটনায় গঠিত একটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে স্টেনো টাইপিস্ট পদের কর্মচারী মোমেন মোকশেদকে ব্যক্তিগত সহকারীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আজ (রোববার) থেকে এ আদেশ কার্যকর হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, দোহা থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে গত ২ নভেম্বর ২৫টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারের আগে এই সোনার বারসহ লাগেজটি বিমানবন্দর থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য এক ব্যক্তিকে নিয়ে নিয়মবহির্ভূতভাবে বিমানবন্দরের ‘হারানো ও প্রাপ্তি’ শাখায় উপস্থিত হন মোমেন মোকশেদ। সোনার বারসহ লাগেজটি ওই ব্যক্তিকে দেওয়ার জন্য দায়িত্বরত কর্মচারীদের চাপ দেন তিনি।
কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা শাখার শিফট সুপারভাইজার আইনুল হক সন্দেহের বশে ব্যাগটি স্ক্যানিং করে সোনার বার থাকার বিষয়টি নিশ্চিত হন। এর পরই ঘটনাস্থল থেকে সটকে পড়েন মোমেন মোকশেদ। পরে ফরহাদ হোসেন নামের ওই ব্যক্তির মুঠোফোন জব্দ করে মোমেন মোকশেদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া যায়। তবে কৌশলে ফরহাদকে ছেড়ে দেওয়া হয়।
বিমানবন্দর সূত্র জানায়, এ ঘটনায় বিমানবন্দরের স্টেশন এয়ার ট্রাফিক অফিসার মো. আবদুল্লাহ আল ফারুককে সভাপতি এবং এরোড্রাম অফিসার আবু মো. ওমর শরীফকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়।