সোনার সেই ২০টি বার কারিগরকে দেওয়ার আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির মামলায় জব্দ করা কোটি টাকা মূল্যের সোনার সেই ২০টি বার এক গয়না কারিগরের জিম্মায় দেওয়ার আদেশ স্থগিত করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মহানগর সরকারি কৌঁসুলির আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন। সোনার বারগুলো বাংলাদেশ ব্যাংকের ভল্টে রয়েছে।

গত সোমবার ‘২৪ সোনার বার নিয়ে রহস্য’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন একটি চোরাচালান মামলার আলামত ২৪টি সোনার বার। এ মামলার আসামি গয়না তৈরির কারিগর নারায়ণ কর্মকার। এই কারিগর সোনার বার ডাকাতির মামলার বাদী এবং চোরাচালান মামলার মূল আসামি।

ফখরুদ্দিন আরও জানান, গত ১১ জুলাই চট্টগ্রাম মহানগর হাকিম আদালত সিআইডির প্রতিবেদনের ভিত্তিতে সোনার বারগুলো নারায়ণ কর্মকারের জিম্মায় দেওয়ার আদেশ দেন। কিন্তু সিআইডি হাকিম আদালতে নারায়ণের বিরুদ্ধে থাকা চোরাচালান মামলাটি এবং ২৪টি বার ওই মামলার আলামত—এসব বিষয় গোপন রাখে।
এ কারণে হাকিম আদালতের দেওয়া আদেশ বাতিলের জন্য মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা করা হয় আজ। শুনানি শেষে আদালত সোনার বারগুলো ডাকাতি মামলার বাদী নারায়ণ কর্মকারের জিম্মায় দেওয়ার আদেশ স্থগিত রাখার আদেশ দেন। ১৪ সেপ্টেম্বর বিস্তারিত শুনানির দিন ধার্য রেখেছেন আদালত।

জানতে চাইলে নারায়ণ কর্মকার দাবি করেন, তাঁর কাছে সোনার বারগুলো আমদানির বৈধ কাগজপত্র রয়েছে। ১৪ সেপ্টেম্বর শুনানির দিন তিনি এগুলো আদালতে উপস্থাপন করবেন।

এ বছরের ১ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সোনার গয়না তৈরির দোকানের এক কর্মচারীর কাছ থেকে ২৮টি সোনার বার ছিনিয়ে নেন ডিবির এসআই আবুল হোসেনসহ ছয়জন। ওই রাতেই বিষয়টি পুলিশকে জানান সোনার গয়না তৈরির ওই দোকানের কারিগর নারায়ণ কর্মকার। এসব সোনার বার তিনি নিজের বলে দাবি করেন। এরপর ৩ জানুয়ারি রাতে এসআই আবুল হোসেনের (বর্তমানে সাময়িক বরখাস্ত) খুলশীর বাসা থেকে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। তাঁকেও গ্রেপ্তার করে পুলিশ। একে একে গ্রেপ্তার হন এসআইয়ের সহযোগী বাকি পাঁচজনও।

গত ৩ জানুয়ারি চট্টগ্রামের কোতোয়ালি থানায় নারায়ণ কর্মকার বাদী হয়ে এসআইসহ ছয়জনের বিরুদ্ধে ডাকাতির মামলা করেন। এজাহারে ডাকাতি হওয়া সোনার বারগুলো দুবাই থেকে আমদানি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। কিন্তু সোনার বার আমদানির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পরদিন নারায়ণ কর্মকার ও দোকান কর্মচারী সজল চৌধুরীকে আটক করে পুলিশ। ৪ জানুয়ারি নারায়ণ কর্মকার, তাঁর বড় ভাই কৃষ্ণ কর্মকার এবং সজল চৌধুরীর বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। কৃষ্ণ কর্মকার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এরপর ২৫ ফেব্রুয়ারি তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন কোতোয়ালি থানার উপপরিদর্শক জহির হোসেন। আদালত অভিযোগপত্র আমলে নিয়েছেন।

গত এপ্রিল মাসে ডাকাতির মামলাটি কোতোয়ালি থানা থেকে সিআইডিতে তদন্তের জন্য পাঠানো হয়। চোরাচালান মামলায় গত মে মাসে নারায়ণ কর্মকার জামিনে মুক্ত হন। এরপর গত ৮ জুলাই ডাকাতি মামলায় উদ্ধার হওয়া সোনার বারগুলো তাঁর জিম্মায় নিতে আদালতে আবেদন করেন। চট্টগ্রাম মহানগর হাকিমের আদালত ওই দিনই সোনার বারের মালিকানা যাচাই-বাছাই করে প্রতিবেদন দিতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রামের উপপরিদর্শক শ্যামল কুমার বিশ্বাসকে নির্দেশ দেন। ১১ জুলাই তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দেন। এতে তিনি উল্লেখ করেন, সোনার বারের বৈধ মালিক নারায়ণ কর্মকার। বারগুলো তাঁর জিম্মায় দেওয়া যেতে পারে। প্রতিবেদন পাওয়ার পর আদালত চারটি সোনার বার আলামত হিসেবে রেখে বাকি ২০টি বার একজন মহানগর হাকিমের উপস্থিতিতে নারায়ণ কর্মকারের জিম্মায় দিতে নির্দেশ দেন।

আদালতের এই আদেশের পর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন ১০ আগস্ট সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনারের (প্রসিকিউশন) কাছে চিঠি দেন। এতে তিনি উল্লেখ করেন, নারায়ণ কর্মকার ২৮টি সোনার বার আমদানির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এই মামলায় অভিযোগপত্রও দেওয়া হয়েছে আদালতে। চিঠিতে বলা হয়, ডাকাতি ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলার আলামত একই। সোনার বার নারায়ণ কর্মকারের জিম্মায় গেলে বিশেষ ক্ষমতা আইনের মামলার (চোরাচালান) বিচারকাজে সমস্যা হতে পারে।

কোতোয়ালি থানার পুলিশের এই চিঠির পর নড়েচড়ে বসে সিআইডিও। তদন্ত কর্মকর্তা শ্যামল বিশ্বাসকে পরিবর্তন করে সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির সরকারকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয় সিআইডি।

২০ আগস্ট ডাকাতির মামলায় সিআইডির তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে ২০টি সোনার বার বাদীর (নারায়ণ কর্মকার) জিম্মায় দেওয়ার আদেশ বাতিলের আবেদন করেন।