সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান আজহারুল আবার বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজহারুল মান্নান
আজহারুল মান্নান

তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্ত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপজেলা-২ শাখার ৫ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে উল্লেখকরা হয়, বিস্ফোরক আইনে ২০১৫ সালের ৫ জানুয়ারি সোনারগাঁ থানা-পুলিশের করা মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হয়েছে। আজহারুল মান্নান এ মামলার আসামি। এ কারণে উপজেলা পরিষদ আইন অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন ওই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার। গতকাল রোববার মন্ত্রণালয়ের চিঠি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের হাতে পৌঁছায়।

এর আগে আজহারুল মান্নানকে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০১৭ সালের ৮ মার্চ সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে উচ্চ আদালত মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ স্থগিত করেন।

আজহারুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘পুলিশ একের পর এক মিথ্যা মামলার অভিযোগপত্র দিচ্ছে। রাজনৈতিক কারণে মন্ত্রণালয় আমাকে এ পর্যন্ত তিনবার বরখাস্ত করল। এর আগে উচ্চ আদালত আমার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করার পরও আদালতের আদেশ অমান্য করে আমাকে স্থানীয় প্রশাসন দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করেছিল। আমি মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করব।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান বলেন, ‘দেশবাসীর মতো আমরাও হতবাক। সারা দেশের মতো সোনারগাঁয়ের চেয়ারম্যানও সরকারের রোষানলে পড়েছে।’

ইউএনও শাহীনুর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় মন্ত্রণালয় তাঁকে সাময়িক বরখাস্ত করেছে। আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করব।’