সোনারগাঁ ও কালিয়াকৈরে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ। একই দিনে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে সফিপুর পর্যন্ত সড়কের পাশের প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন বলেন, কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে প্রভাবশালী ব্যক্তিরা ফলের আড়ত, কাঁচাবাজার ও টং দোকান নির্মাণ করেন। এরপর ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে মাসিক ভাড়া দেন। গত এক বছরে তিনবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু উচ্ছেদের দু-এক দিন পরেই নতুন করে আবার দোকানপাট নির্মাণ করা হয়।
গত সপ্তাহে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মহাসড়ক যানজটমুক্ত রাখার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন। গতকাল সকাল থেকে উপজেলা প্রশাসন ও সওজের কর্মকর্তারা ওই এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
সওজ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন আহম্মেদ বলেন, সওজের জায়গা অবৈধভাবে দখল করে স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি দোকানপাট নির্মাণ করে চাঁদা আদায় করছেন। এসব স্থাপনা উচ্ছেদ করে সওজের জায়গা দখলমুক্ত করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে জন্য অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে গাজীপুরের কালিয়াকৈরের ইউএনও সানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ও সওজের কর্মকর্তারা অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ টং দোকান, অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়। এর আগে গত শুক্রবার দিনব্যাপী উপজেলা পরিষদের পক্ষ থেকে মাইকিং করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়।
কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘আমাদের অনেকের দোকান বন্ধ থাকায় আমরা উচ্ছেদের আগে মাইকিংয়ের বিষয়টি জানতে পারিনি। আর মাইকিং করার পর আমাদের দোকানপাট অন্যত্র সরিয়ে নেওয়ার তেমন সময়ও দেওয়া হয়নি। এতে আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ইউএনও সানোয়ার হোসেন বলেন, ঈদে ঘরমুখী মানুষ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাতে নির্বিঘ্নে যেতে পারে, এ জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।