সোনারগাঁ ও গাজীপুরে ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং গাজীপুর সদরে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১৬ আহত হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেনী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপ ভ্যানের চালক ইউসুফ মিয়া (৪০), তাঁর সহকারী সবুজ হোসেন (২২) ও অজ্ঞাতনামা এক যুবক (২৮)। বাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ হতাহতদের উদ্ধার করে। এই ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানায় মামলা হয়েছে।এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বৃহস্পতিবার একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে এর চালকের সহকারী মো. কাইয়ুম (২৫) নিহত হন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে। গাজীপুরে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাজীপুর সদরের টেক নগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে তৈরি পোশাক কারখানার শ্রমিক আঞ্জুমান আরা বেগম (৩২) ও মাদ্রাসার ছাত্র শাহিন মিয়া বাসের নিচে চাপা পড়েন। গুরুতর অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে আনার পথে শাহীন ও চিকিৎসাধীন অবস্থায় আঞ্জুমান মারা যান। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। দুর্ঘটনায় বাসের ছয়জন যাত্রী আহত হন। জয়দেবপুর থানার ওসি আবদুর রশিদ জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।