সোনারগাঁ ও টঙ্গীতে অগ্নিকাণ্ডে ২১টি দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের প্রেমের বাজার ও টঙ্গীর বউবাজারে গতকাল শনিবার অগ্নিকাণ্ডে ২১টি দোকান ভস্মীভূত হয়েছে। সোনারগাঁ উপজেলার প্রেমের বাজারে একটি মার্কেটের মালিক ইউসুফ মিয়া জানান, গতকাল ভোরে তাঁর মার্কেটের সেকান্দার আলীর বইয়ের দোকানে থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। দুই ঘণ্টা পর ঢাকার ডেমরা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান খান জানান, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়া হবে।দোকান মালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর বউবাজারে গতকাল দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। বাজারে সোরহাব মিয়ার লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশে থাকা বাঁশের ঘর, সেলুন, রিকশা গ্যারেজ ও চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে কমপক্ষে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানমালিকেরা দাবি করেছেন।