সোনারগাঁ ও নবাবগঞ্জে রাত জেগে এলাকাবাসীর পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছয় মাস ধইরা এক রাতও ঘুমাইতে পারি নাই। আমাগো কি সারা জীবন রাত জাইগাই কাটাইতে হবে? সরকার কি আমাগো নিরাপত্তা দিবে না?’ অসহায়ের মতো কথাগুলো বলেই কেঁদে ফেলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিষনদী গ্রামের বাসিন্দা আবদুল মান্নান (৬১)।একের পর এক চুরি, ডাকাতি ও অপহরণের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ ও ঢাকার নবাবগঞ্জের মানুষ অতিষ্ঠ। নিজেদেরই এখন রাত জেগে পাহারা দিতে হচ্ছে। এলাকাবাসী জানান, সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নে ছয় মাস ধরে ডাকাতির ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। গ্রামের মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন। তার পরও কয়েক দিন পর পর ডাকাতি হচ্ছে। ডাকাত প্রতিরোধে গ্রামবাসীর সঙ্গে পুলিশ সদস্যরাও চেষ্টা করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না।গত শুক্রবার রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, প্রতিটি গ্রামের পাড়ায়-মহল্লায় লোকজন দলবেঁধে দেশীয় অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছেন। সবার হাতে টর্চলাইট ও বাঁশি। অপরিচিত কোনো লোক গ্রামে ঢুকলেই বাঁশি বাজিয়ে ওই ব্যক্তির পরিচয় জানতে চান তাঁরা। গ্রামের মসজিদ সারা রাত খোলা রাখা হয়, যাতে গ্রামে ডাকাত এলে ঘোষণা দিয়ে সতর্ক করা যায়।গ্রামবাসীদের উজ্জীবিত করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে প্রতি সপ্তাহে গ্রামে গ্রামে গিয়ে পুলিশ বৈঠক করছে, নির্দেশনা দিচ্ছে। রাত দুইটার দিকে নোয়াগাঁও ইউনিয়নের লক্ষ্মীপুরদী গ্রামে ঢোকার পর মোটরসাইকেলের শব্দে গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে এ প্রতিনিধির গাড়ি আটক করে। পরে সাংবাদিক পরিচয় পাওয়ার তাঁরা শান্ত হন।রাত তিনটার দিকে বারদী বাজারে দেখা হয় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলীর সঙ্গে। তিনি জানান, প্রতি রাতে উপজেলার প্রায় সব ইউনিয়নে তিনি সরেজমিনে ঘুরে দেখেন থানার পুলিশ ও এলাকাবাসী ঠিকমতো পাহারা দিচ্ছে কি না।এলাকাবাসীর হিসাবে গত ছয় মাসে সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে ৪০টি বড় ধরনের ডাকাতি হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন জানান, ডাকাতি বন্ধে পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হবে।এদিকে, ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা, কৈলাইল ও যন্ত্রাইল ইউনিয়নে শিশু চুরি, হত্যা, অপহরণ ও গুমের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীও রাত জেগে পাহারার ব্যবস্থা করেছেন।জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে যন্ত্রাইল গ্রামের পিয়ার আলীর চার মাসের শিশুপুত্র পিয়াসকে ঘর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে শাহাবুদ্দীন নামের এক যুবক। শিশুটির মা ছেলের কান্না শুনে দৌড়ে এসে তাকে ধরে ফেলেন। এ সময় আশপাশের লোকজন শাহাবুদ্দীনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।এর আগে গত ১৫ জানুয়ারি কৈলাইল ইউনিয়নের কাটাখালী গ্রামের কৃষক রতন মিয়ার দুই বছর বয়সী শিশু সোহানকে সিঁধ কেটে চুরির পর আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। তিন লাখ টাকা দেওয়ার ১০ দিন পর গত ৩০ জানুয়ারি কালীগঙ্গা নদীর পাড়ে শিশুটির লাশ পাওয়া যায়।এর পর দিন ৩১ জানুয়ারি একই ইউনিয়নের মালিকান্দা গ্রামের মইজদ্দিনের ছেলে মো. ইসলামকে গভীর রাতে ঘরের দরজা ভেঙে ১০-১২ জন মুখোশধারী মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এখনো পর্যন্ত তাঁর কোনো হদিস না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।গত ১৫ দিনে এলাকায় দুটি ডাকাতির ঘটনাও ঘটেছে। বারুয়াখালীর একটি বাড়ি থেকে ডাকাতেরা নিয়ে গেছে ৭৫ ভরি স্বর্ণালংকার এবং দুই লাখ টাকা। জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল গ্রাম থেকে স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। এসব ঘটনার পর থেকে স্থানীয় জনগণ রাত জেগে প্রতিদিন এলাকা পাহারা দিচ্ছে।কৈলাইল গ্রামের মোমিনুল ইসলাম বলেন, আমাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতেও আমরা ভয় পাচ্ছি। নিজেরা বৈঠক করে তরুণ-যুবকদের নিয়ে আমরা রাত জেগে পাহারার ব্যবস্থা করেছি।