সোনারগাঁ ও বন্দরে পাঁচ এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর থানার ধামঘর ফাঁড়ির পাঁচ উপপরিদর্শক (এসআই) ও নয় কনস্টেবলকে গতকাল মঙ্গলবার প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, ঈদ সামনে রেখে গ্রেপ্তার-বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন সোনারগাঁও থানার এসআই মারুফুর রহমান, দিদারুল আলম, নাজমুল আলম ও জহিরুল ইসলাম এবং বন্দর থানার ধামঘর পুলিশ ফাঁড়ির এসআই মাজহারুল ইসলাম। পাশাপাশি সোনারগাঁ থানার নয় কনস্টেবলকেও বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। 

জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ঈদ সামনে রেখে গ্রেপ্তার-বাণিজ্য, ব্ল্যাকমেলিং, মাদক দিয়ে নিরীহ লোকজনকে ফাঁসানো ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাঁদের প্রত্যাহার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মঈনুল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বিভিন্ন অনিয়মের অভিযোগে তাঁদের প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।