সোনারগাঁ ও সিঙ্গাইরে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলা মামলায় গতকাল বৃহস্পতিবার চারজনকে ফাঁসি ও দুজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোসাম্মৎ কামরুন নাহার। একই দিন মানিকগঞ্জের সিঙ্গাইরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।
নারায়ণগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আলমগীর হোসেন (৩৬), এশাদ হোসেন ওরফে ভুটু মিয়া (৩৮), আতলেহোসেন (৩৭) ও রতন ইবনে মাসুদ (৩৪)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গোলজার হোসেন (৩৫) ও মোহাম্মদ শাহীন (৩৪)। আসামিদের মধ্যে রতন, শাহীন ও গোলজার পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৮ জুন সোনারগাঁয়ে পাওনা টাকা চাইতে গিয়ে স্থানীয় আলমগীর, এশাদ হোসেন, আতলে হোসেন, রতন, গোলজার ও শাহীনের হাতে খুন হন মনির হোসেন। তাঁরা মনিরকে নিয়ে একটি মাঠে ছুরিকাঘাত করে পেট কেটে পাশের ডোবায় ফেলে দেন। এরপর গুমের জন্য কচুরিপানা দিয়ে লাশ ঢেকে রাখা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মামলা করেন। মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আতলে হোসেন, আলমগীর ও এশাদ হোসেন জামিনে ছিলেন। ৫ মার্চ যুক্তিতর্ক শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান আদালত। গতকাল আদালত রায় ঘোষণা করেন।
এদিকে সিঙ্গাইরে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাসিনা রওশন জাহান।
মামলার নথি ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৩ সালে সিঙ্গাইরের শ্যামনগর গ্রামের লাল চান একই গ্রামের সালমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য সালমাকে নির্যাতন শুরু করেন। ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি সালমাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিনই সালমার ভাই হাশেম আলী বাদী হয়ে লাল চান ও তাঁর বাবা মুন্নাফ হোসেনকে আসামি করে থানায় মামলা করেন। একই বছরের ২৬ জুন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম নূরুল হুদা। নূরুল হুদা বলেন, এ মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে ট্রাইব্যুনালের বিচারক আসামি লাল চানের অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তিনি জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক। অন্য আসামি মুন্নাফ হোসেন মারা যাওয়ায় মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।