সোনারগাঁ কলেজের সীমানাপ্রাচীর ভাঙল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ কলেজের নির্মাণাধীন সীমানাপ্রাচীর গত বুধবার ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা। বাধা দিলে কলেজের পরিচালনা পর্ষদের একজন সদস্যকে লাঞ্ছিত করে টাকা ছিনিয়ে নেওয়া হয়।
লাঞ্ছনার শিকার সদস্য ইদ্রিস আলী গতকাল বৃহস্পতিবার সোনারগাঁ থানায় মামলা করেছেন। কলেজের সম্পত্তি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসীরা ওই ঘটনা ঘটায় বলে তিনি অভিযোগ করেন।
হামলা মামলার আসামি মো. হানিফ ও ইকবাল বলেন, কলেজের সীমানাপ্রাচীরের ভেতরে তাঁদের জমি রয়েছে। তাই তাঁরা সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দিয়েছেন।
সোনারগাঁ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউএনও মাহমুদ হাসান বলেন, কলেজের ৩০ শতক ভূমি সরকারি ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি। ৪৫ বছর ধরে কলেজ কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ওই সম্পত্তি ভোগদখল করছে। এখানে আসামিদের কোনো সম্পত্তি নেই।