সোনারগাঁ জাদুঘরের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদারবাড়ির (সোনারগাঁ জাদুঘর) সংস্কার ও সংরক্ষণকাজের ভিত্তিপ্রস্তর গতকাল শুক্রবার স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন ইয়াং, সংস্কৃতিবিষয়ক সচিব সুরাইয়া বেগম, কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং ও চট্টগ্রামে অবস্থিত কোরিয়ান ইপিজেডের প্রেসিডেন্ট জাহাঙ্গীর সা’দাত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী রফিকুল হক এবং বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সূত্র জানায়, বাংলা ১৩০৮ সালে ঐশ্বর্যকান্ত সাহা সরদার বড় সরদারবাড়ির প্রথম অংশ নির্মাণ করেন। এরপর মোগল আমলে ঈশা খাঁ দ্বিতীয় অংশ নির্মাণ করেন। পুরোনো বড় সরদারবাড়ির (সোনারগাঁ জাদুঘর) আদি রূপ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সাং ব্যক্তিগতভাবে প্রায় ১০ কোটি টাকা অনুদান দিচ্ছেন। এই অর্থে সংস্কার ও সংরক্ষণকাজ শুরু হচ্ছে। ফাউন্ডেশন সূত্র জানায়, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গাইড লেকচারার এ কে এম মুজামিঞ্চল হক প্রথম আলোকে বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোরিয়ার নাগরিক কিহাক সাং সোনারগাঁ জাদুঘর পরিদর্শনে এসে এর সংস্কার ও সংরক্ষণে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেন। পরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় তাঁর প্রস্তাবে সাড়া দেয়।গত ৩ জানুয়ারি সরদারবাড়ির সংস্কার ও সংরক্ষণের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কোরিয়ান ইয়াংওয়ান করপোরেশনের মধ্যে চুক্তি হয়।