সোনারগাঁ থানার এসআইয়ের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের বিরুদ্ধে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের থানায় আটকে রেখে উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ওই এসআইয়ের শাস্তির দাবিতে গতকাল বুধবার দুপুরে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে এসআই আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমি দুর্নীতির সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’
অভিযোগে উল্লেখ করা হয়, ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে টংঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন।
৪ জুলাই রাতে ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের দোকানে এসে সোনারগাঁ থানার এসআই আমিনুল ইসলাম এক লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে এসআই দোকানের কর্মচারী সিদ্দিক মিয়া, রুস্তম আলী ও নৈশপ্রহরী নুরু মিয়াকে থানায় নিয়ে রাতভর আটকে রাখেন। পরদিন সকালে এক লাখ টাকা উৎকোচ নিয়ে তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে ভয়ভীতি দেখিয়ে ওই এসআই গত ১ জুন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করেন।
বিক্ষোভ মিছিল থেকে ব্যবসায়ীরা ঘোষণা দেন, আগামী এক সপ্তাহের মধ্যে এসআই আমিনুলকে অপসারণ করা না হলে সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেসুর রহমান প্রথম আলোকে জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।