সোনারগাঁ থানার ওসির বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত বুধবার ওই অভিযোগ দেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ও তাঁর ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।অভিযোগে বলা হয়, সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান থানায় যোগদানের পর উপজেলার সর্বত্র আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। সম্প্রতি কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। অন্য যেকোনো সময়ের তুলনায় সোনারগাঁয়ে মাদক ব্যবসা বেড়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ‘ওসি ২২ ফেব্রুয়ারি মাহফুজুর রহমান ও মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে থানায় মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করেছেন এবং নানাভাবে তাঁদের হয়রানি করছেন।’আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান গতকাল বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ‘আমি জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য। আমার ছোট ভাই মোস্তাফিজুর রহমান উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলার সাধারণ সম্পাদক। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো তদন্ত ছাড়াই ওসি আতিকুর রহমান থানায় জিডি নথিভুক্ত করে আমাদের হয়রানি করছেন।’অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘মাহফুজুর রহমান ও তাঁর ভাই একুশের প্রথম প্রহরে সরকারি কর্মকর্তাদের হুমকি দিয়েছিলেন। যেকোনো লোককে হুমকি দিলে তিনি থানায় জিডি করতে পারেন—আইনে তা-ই বলা হয়েছে।’