সোনারগাঁ থেকে অপহূত দুজনের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে অপহূত ঠিকাদার ইসমাইল হোসেনের সন্ধান ১৫ দিনেও মেলেনি। ১২ দিন ধরে নিখোঁজ আছেন ইসি বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) সোনারগাঁ শাখার ব্যবস্থাপক এবায়দুর রহমান। তাঁদের না পেয়ে দুটি পরিবারে চলছে মাতম।
সোনারগাঁয়ের কুতুবপুর গ্রামে ইসমাইল হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী জোসনা আক্তার দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে ঘরে বিলাপ করছেন।
ইসমাইলের ছোট ভাই আবদুল মান্নান জানান, ৭ ফেব্রুয়ারি তাঁর বড় ভাই ইসমাইলকে শিমরাইল এলাকার পাইনাদি থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান একই এলাকার মোশারফ হোসেন, নাসির উদ্দিন, আবদুল কাইয়ুম, সেলিম মিয়া, মামুন হোসেন ও কাউসার রহমান। ওই দিন রাতেই তিনি ছয়জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
আবদুল মান্নান বলেন, ঘটনার পর থেকে আসামিরা অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে মুক্তিপণ দাবি করে ফোন বন্ধ করে রাখছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবুল কায়েস বলেন, ‘আমরা ইসমাইল হোসেনকে জীবিত উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসামিরা বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করেছে। তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না বিধায় ইসমাইল হোসেনের কোনো সন্ধান দিতে পারছি না।’
এদিকে নিখোঁজ হওয়ার ১২ দিন পরও এবায়দুরের কোনো খোঁজ পায়নি তাঁর পরিবার। এবায়দুরের স্ত্রী শাহিনা খন্দকার জানান, ১০ ফেব্রুয়ারি অফিস থেকে আর বাড়ি ফিরে আসেননি তাঁর স্বামী। তাঁর স্বামীকে অপহরণ করা হয়েছে। পুলিশও কিছু করছে না।