সোনারগাঁ পৌরসভার হিসাবরক্ষককে পেটালেন মেয়রের এপিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার মেয়রের সহকারী একান্ত সচিব (এপিএস) পৌরসভার হিসাবরক্ষককে পিটিয়ে আহত করেছেন। গতকাল বৃহস্পতিবার পৌরসভার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত পনির হোসেন মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পৌরসভার একাধিক কর্মকর্তা জানান, পৌর ভবনের জেনারেটর কেনার জন্য মেয়র সাদেকুর রহমান ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাঈম আহমেদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি ক্রয় কমিটি গঠন করেন। বুধবার এ কমিটি জেনারেটর কিনতে যাওয়ার সময় পৌর হিসাবরক্ষক পনির হোসেনকে সঙ্গে নেয়। কমিটির সদস্যরা জেনারেটর কিনতে সঙ্গে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মেয়রের সহকারী একান্ত সচিব রজ্জব আলী। এ জন্য তিনি হিসাবরক্ষক পনির মোল্লাকে দায়ী করেন। দলটি ফিরে এলে রজ্জব আলী পৌর কার্যালয়ে ঢুকে পনির মোল্লাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপযার্েয় তিনি পনির মোল্লাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করেন। পনির হোসেন জানান, ‘ক্রয় কমিটির লোকজন জেনারেটর কিনতে তাঁদের সঙ্গে আমাকে যেতে বললে আমি যাই। কিন্তু রজ্জব আলীকে সঙ্গে নেওয়া হয়নি। এ জন্য তিনি আমাকেই অভিযুক্ত করেন। একপর্যায়ে আমার শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে ভবনের বাইরে বের করে দেন।’ রজ্জব আলী বলেন, ‘আমি মেয়রের এপিএস। আমাকে না জানিয়ে ক্রয় কমিটির সদস্যরা জেনারেটর কিনতে যেতে পারে না। হিসাবরক্ষণ কর্মকর্তাই এ জন্য দায়ী। তাই তাকে মেরেছি।’ পৌর মেয়র সাদেকুর রহমানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।