সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন আজ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন আজ বৃহস্পতিবার। ইতিমধ্যে এই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বলে জানা গেছে।এলাকাবাসী জানান, উপজেলা সদরের এই ওয়ার্ডের নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রার্থীকে সমর্থন দিয়েছে। নির্বাচনে স্থানীয় বিএনপি সমর্থন দিয়েছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেঞ্চদকে এবং আওয়ামী লীগ সমর্থন দিয়েছে মোস্তফা কামালকে। আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা তাঁদের প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন।এদিকে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থক দুজন প্রার্থীই একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাগরিকা নাসরিন জানান, নির্বাচনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাবেক কাউন্সিলর আজম খানের মৃত্যুতে এই উপনির্বাচন হচ্ছে।