সোনারগাঁ পৌরসভায় কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় কর বাড়ানোর প্রতিবাদে গত মঙ্গলবার ও গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এলাকাবাসী।
পৌর এলাকার বিভিন্ন গ্রামের লোকজন পানাম নগর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সভা করেন। সভায় বক্তব্য দেন স্থানীয় আদমপুর ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল উদ্দিন, ব্যবসায়ী মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা যুবলীগের নেতা হুমায়ুন কবির, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আল মাহমুদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ ন্যূনতম নাগরিক সেবা দিচ্ছে না। পৌরসভার বেশির ভাগ এলাকায় নর্দমার ব্যবস্থা নেই। বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌরসভার কোথাও এখন পর্যন্ত পানি সরবরাহের লাইন স্থাপন ও সড়ক নির্মাণ করা হয়নি। পৌর কর্তৃপক্ষ এখন পর্যন্ত সব স্থানে বাতির ব্যবস্থা করতে পারেনি। ময়লা-আবর্জনা পরিষ্কার না করলেও এসব খাতে কর দিতে হচ্ছে। এ বছর পৌরসভা কর্তৃপক্ষ হঠাত্ করে অন্যান্য বছরের চেয়ে চার থেকে পাঁচ গুণ কর বৃদ্ধি করে চিঠি পাঠিয়েছে। যাঁরা অতিরিক্ত কর দিতে ব্যর্থ হচ্ছেন, পৌরসভার সংশ্লিষ্ট শাখা সেসব নাগরিককে নানাভাবে হয়রানি করছে। কর পরিশোধের প্রত্যয়নপত্র ছাড়া জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স ও নাগরিকত্ব সনদ দেওয়া হয় না।
বক্তারা আরও বলেন, এক সপ্তাহের মধ্যে পৌর কর না কমালে পৌরসভা কার্যালয় ঘেরাও করাসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কর বাড়ানো হয়েছে। পৌরসভার নাগরিকেরা বর্ধিত কর নিয়ে দ্বিমত পোষণ করায় বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়ে কর কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।