সোনারগাঁ বিএনপির ৬২ নেতা-কর্মীর জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ৬ মে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬২ জন নেতা-কর্মী গতকাল মঙ্গলবার আগাম জামিন পেয়েছেন। বিচারপতি হাসান আরিফ ও মোস্তফা জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের জামিন মঞ্জুর করেন।
বিএনপির নেতা-কর্মীদের আইনজীবী মাহাবুব উদ্দিন জানান, কাঁচপুরে ৬ মে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের করা দুটি মামলায় সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম হক, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ ৬২ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত।