সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা রিপোর্টার্স ক্লাব বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ছাত্রলীগের স্থানীয় এক নেতা। ভোরের কাগজ-এর স্থানীয় প্রতিনিধি আবদুস সাত্তারকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন তিনি।এ ঘটনায় গতকাল রোববার সোনারগাঁ থানায় করা সাধারণ ডায়েরিতে আবদুস সাত্তার উল্লেখ করেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও পরিবহন ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে নান্নু গত বৃহস্পতিবার স্বদেশ পরিবহন নামের একটি বাস সার্ভিসের চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়াকে প্রাণনাশের হুমকি দেন। এ খবর গত শনিবার ভোরের কাগজসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় ছাপা হয়। এর জের ধরে নান্নু গতকাল চার-পাঁচজন সহযোগী নিয়ে রিপোর্টার্স ক্লাবে ঢুকে তাঁকে ও ক্লাবের অন্যান্য সদস্যকে প্রাণনাশ এবং ক্লাবটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। তবে রফিকুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, ছাত্রলীগের নেতা নান্নুর বিরুদ্ধে তিন দিনের ব্যবধানে থানায় দুটি জিডি হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।