সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনের প্রধান সড়কে গতকাল সোমবার দুপুরে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের সময় সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ওই হোটেলে অবস্থান করছিলেন।বিস্ফোরণের ঘটনা নিয়ে গতকাল দুপুরে দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, যে হোটেলটিতে রাষ্ট্রপতি অবস্থান করছেন, সেখানে ও তার আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাষ্ট্রপতির সফরসঙ্গীদের কেউ এ বিস্ফোরণের শব্দ শোনেননি কিংবা এ ধরনের বিস্ফোরণ সম্পর্কে কিছুই জানতেন না। বাংলাদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, হাতে তৈরি একটি বোমা পাওয়া গেছে এবং তারা ঘটনার তদন্ত করছে। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মতে, এটি একটি ছোটখাটো বিস্ফোরণ। বাংলাদেশে হরতালের সময় এ ধরনের ককটেল বিস্ফোরণ হরহামেশাই ঘটে থাকে এবং এটিকে বোমা বলা যায় না।ভারতের রাষ্ট্রপতি গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন। সেখান থেকে যান ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। এরপর বেলা দুইটার দিকে পান্থপথ হয়ে হোটেলে ফিরে আসেন। তাঁর গাড়িবহর হোটেলে প্রবেশের বেশ কিছু সময় পর বিস্ফোরণের ঘটনা ঘটে।পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে কোনো একটি চলন্ত যান থেকে সার্ক ফোয়ারার মোড়ে একটি ককটেল ছুড়ে মারা হয়। ককটেলটি বিস্ফোরিত হয়।পুলিশ জানায়, বিস্ফোরণের পর পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এরপর সেখানে নিরাপত্তা আরও বাড়ানো হয়। সোনারগাঁও হোটেলের সামনের ও পাশের রাস্তার একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পথে চলাচলকারীদের বিকল্প পথে চলতে বলা হয়েছে।