সোনারগাঁওয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারি কাজের লাভের টাকার ভাগবাটোয়ারা নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় গতকাল শুক্রবার সকালে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়। আহতদের দুজনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় একটি বালু ভরাটের ঠিকাদারি কাজের লাভের টাকার ভাগবাটোয়ারা নিয়ে পিরোজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক দুই সদস্য আওয়ামী লীগের নেতা আলী আকবর ও নাসির উদ্দিনের লোকজনের মধ্যে গতকাল সকালে মেঘনাঘাট এলাকায় সংঘর্ষ হয়। এতে আলী আকবর মেম্বার ও নাসির উদ্দিন, শামীম, সিরাজুল, মোক্তার হোসেনসহ সাতজন আহত হন। আহত আলী আকবর ও নাসির উদ্দিনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিকেলে আহত আলী আকবর ও নাসির মেম্বার পরস্পরের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘দুই পক্ষই আওয়ামী লীগের সর্মথক। বিষয়টি আমরা দলীয়ভাবে সমঝোতার চেষ্টা করছি।’