সোনারগাঁওয়ে দুটি ডিজিটাল গ্রাম গড়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক বছরের মধ্যে দুটি ডিজিটাল গ্রাম গড়ার ঘোষণা দিয়েছে ‘সুবর্ণ গ্রাম’ নামের একটি সামাজিক সংগঠন। উদ্যোক্তাদের দাবি, বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। আর দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার বলেছেন, সোনারগাঁওয়ে দুই বছরের মধ্যে তিনি তথ্যপ্রযুক্তিপল্লি গড়ে তুলবেন।গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সুবর্ণ গ্রাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সুবর্ণ গ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাহেদ কায়েস। এতে অতিথি ছিলেন মোস্তফা জব্বার এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান। শাহেদ কায়েস বলেন, ‘বর্তমান সরকারের অঙ্গীকার হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়া এবং সেই লক্ষ্যে সরকার কাজও করছে। আমরা সরকারের সেই সময়োপযোগী সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে সোনারগাঁওয়ের বাণীনাথপুর ও মায়াদ্বীপ গ্রামকে ডিজিটাল গ্রামে রূপান্তরের অঙ্গীকার করছি, যা হবে বাংলাদেশে প্রথম। আমাদের লক্ষ্য, এক বছরের মধ্যে এ দুটি গ্রামের মানুষকে কম্পিউটার ব্যবহারে পারদর্শী করে গড়ে তোলা। বাণীনাথপুর গ্রামে তিনজন প্রশিক্ষকের মাধ্যমে তিনটি সেন্টার পরিচালনার কাজ শুরু হয়েছে। আর মায়াদ্বীপে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। তাই আপাতত সপ্তাহে চার দিন ল্যাপটপের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। সংবাদ সম্মেলনে মোস্তফা জব্বার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। বদলে যাবে বাংলাদেশ। তিনি আগামী দুই বছরের মধ্যে সোনারগাঁওয়ের ভবনাথপুরে তথ্যপ্রযুক্তিপল্লি স্থাপনের ঘোষণা দিয়ে বলেন, ‘স্থানীয় ছেলেমেয়েরাই সফটওয়্যার তৈরি করবে। আমরা যদি এক লাখ প্রোগ্রামার তৈরি করতে পারি, তবে দেশের চেহারা পাল্টে যাবে।’