সোনারগাঁওয়ের মোড়ে হুলুস্থুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা সোয়া তিনটা। সোনারগাঁও হোটেলের মোড়ে নীল গেঞ্জি ও চশমা পরা এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন একজন ট্রাফিক সার্জেন্ট। অভিযোগ, ওই ব্যক্তি ট্রাফিক সিগন্যাল অমান্য করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, হাত তুলে থামার নির্দেশ দেওয়ার পর একটি গাড়ি বাংলামোটরের দিকে এগোচ্ছিল। তখন ট্রাফিক পুলিশের সদস্য শরিফুল গাড়িটি আটকানোর চেষ্টা করেন। গাড়ি চালাচ্ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খানের ছেলে নাজমুল হক খান। তিনিও জ্বালানি মন্ত্রণালয়ে কাজ করেন। সরকারি গাড়িতে তাঁর স্ত্রী, সন্তান ও এক আত্মীয় ছিলেন। 

পুলিশ অভিযোগ করেছে, নাজমুল হক গাড়ি থেকে নেমে ট্রাফিক সদস্যের কলার চেপে ধরেন। তারপর সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট ফরহাদ হোসেন নাজমুল হককে ধরে পুলিশ বক্সে নিয়ে যান। এ সময় তাঁর সঙ্গে নাজমুল হকের ধস্তাধস্তি হয়। পরে নাজমুল হক নিজের পরিচয় দেন।

ঘটনার সময় সোনারগাঁও মোড়ের পুলিশ বক্সে গিয়ে দেখা যায়, নাজমুল হক সেখানে অবস্থানরত সবাইকে বোঝানোর চেষ্টা করছেন, তিনি কনস্টেবল শরিফুলের গায়ে হাত তোলেননি। শরিফুল তাঁর হাতে থাকা লাঠি দিয়ে গাড়ির কাচে আঘাত করায় তিনি তার কারণ জানতে চেয়েছিলেন। এটা একটা ভুল-বোঝাবুঝি। তাঁকে যেন এখন ছেড়ে দেওয়া হয়।

একপর্যায়ে নাজমুল হক জানান, তিনি জ্বালানি মন্ত্রণালয়ে চাকরি করেন। যে গাড়িতে তিনি ছিলেন সেটি পরিবহন পুলের গাড়ি। তিনি নিজেই চালাচ্ছিলেন। পাশের আসনে চালক ছিলেন। গাড়িতে তাঁর স্ত্রী, সন্তান ও এক আত্মীয় আছেন। এর মধ্যে তিনি কয়েকবার তাঁর মুঠোফোনটি কথা বলার জন্য কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক কবিরকে দেন। তিনি ফোনে কারও সঙ্গে কথাও বলেন। 

বিকেল চারটার পর পুলিশ বক্সে উপস্থিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের (ট্রাফিক) সহকারী কমিশনার আদিবুল ইসলাম। তিনি দুই পক্ষের বক্তব্য শুনতে চান। সার্জেন্ট ফরহাদ নাজমুল হক খানের বিরুদ্ধে কনস্টেবল শরিফুলের গায়ে হাত তোলার অভিযোগ করেন। শরিফুল তাঁর পোশাকের ছিঁড়ে যাওয়া বোতাম ও ব্যাজ আদিবুল ইসলামকে দেখান। নাজমুল হক অভিযোগ অস্বীকার করে পাল্টা তাঁর ওপর চড়াও হওয়ার অভিযোগ করেন শরিফুলের বিরুদ্ধে। তিনিও তাঁর গলার ডান পাশে আঁচড়ের একটি দাগ দেখান।

এই কথোপকথনের মধ্যেই আদিবুল ইসলাম দুই দফা নাজমুল হকের ফোন থেকে কোনো এক ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং তাঁকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। কিছুক্ষণের মধ্যে সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা উপস্থিত হন। ওই কর্মকর্তা গাড়িটা এই মুহূর্তে কোথায় আছে জানতে চাইলে নাজমুল হক উত্তেজিত কণ্ঠে বলেন, ‘দ্যাখেন আটকায়া ফালাইছে। কই রাখছে জিজ্ঞেস করেন?’ এ পর্যায়ে তিনি গায়ের গেঞ্জি ছিঁড়ে ফেলে বলেন, ‘এই দেশে আর থাকব না। একটা কনস্টেবল আমার গায়ে হাত তুলছে। এই গেঞ্জি আমি পরব না।’ উপস্থিত সবাই তাঁকে শান্ত করার চেষ্টা করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা তাঁর গায়ের কোট খুলে নাজমুল হকের গায়ে পরিয়ে তাঁকে সেখান থেকে নিয়ে যান।

জানতে চাইলে এসি আদিবুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি মীমাংসা করে দিয়েছি। আসলে দুই পক্ষই তো পাল্টাপাল্টি অভিযোগ করছে। যদি সিসিটিভি ফুটেজ পাওয়া যেত কিংবা এমন কোনো জায়গায় ঘটনাটি ঘটত, যেখানে কোনো চা কিংবা মুদি দোকান রয়েছে, তাহলে হয়তো কয়েকজনের বক্তব্য নেওয়া যেত। ঘটনা যেখানে ঘটেছে, সেখানে সবাই তো পথচারী।’ তিনি আরও বলেন, ‘কারওয়ান বাজারের এই জায়গাটিতে মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটে। ঘটনা খুব বেশি বড় না হয়ে গেলে আমরা নিজেরাই সেটা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করি।’