সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধভাবে গ্যাস-সংযোগ দেওয়ার মাধ্যমে একটি চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, এ চক্রের সঙ্গে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কিছু কর্মকর্তাও জড়িত।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৭ মে থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আবাসিক খাতে নতুন সংযোগ প্রদান এবং অবৈধ সংযোগগুলো বৈধ করার ঘোষণা দেয়। ঘোষণার পরপরই সোনারগাঁয়ের সর্বত্র অবৈধ সংযোগ নেওয়ার হিড়িক পড়ে। রাতের আঁধারে গ্যাস বিতরণের লাইনও অবৈধভাবে বসানো শুরু হয় উপজেলার বিভিন্ন স্থানে। এক সপ্তাহ ধরে উপজেলার মোগরাপাড়া, পিরোজপুর, বৈদ্যেরবাজারসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে এর সত্যতা মিলেছে।

সোনারগাঁ পৌরসভার উদ্ধবগঞ্জ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম ও নাসির উদ্দিন জানান, সোনারগাঁ পৌরসভার প্রতিটি গ্রামে, বিশেষ করে ষোলপাড়া, গোয়ালদী ও দত্তপাড়া এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ ও বিতরণ লাইন বসানোর হিড়িক পড়েছে। রাতের বেলায়ও চক্রের সদস্যরা নতুন লাইনের জন্য রাস্তা খুঁড়ে পাইপ বসাচ্ছেন। অনেক ক্ষেত্রে তিতাসের কর্মকর্তারা নিজেরাই উপস্থিত থেকে অবৈধ গ্যাস-সংযোগ দিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ মে সোনারগাঁ পৌরসভার একটি রেস্তোরাঁয় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা একত্র হয়ে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার জন্য একটি শক্তিশালী চক্র গঠন করেন। এ চক্র বিভিন্ন আবাসিক গ্রাহকদের কাছ থেকে ২৫ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত তুলছে বলে জানা যায়। বিষয়টি স্বীকারও করেছেন আবদুল আলী নামের এক সদস্য। তিনি জানান, সোনারগাঁ পৌরসভা এলাকায় তাঁরা ৭০০ গ্রাহকের কাছ থেকে গড়ে ২৫ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত তুলেছেন।

পানাম নগরের বাসিন্দা মো. সজিব মিয়া অভিযোগ করেন, এ অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার প্রধান হোতা জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তি। তিনি তিতাসের তালিকাভুক্ত ঠিকাদার না হয়েও তিতাসের গ্যাস-সংযোগ নিয়ে অসাধু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। গত তিন বছর গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ থাকলেও তিনি সোনারগাঁয়ে দুই হাজার গ্রাহককে অবৈধ গ্যাস-সংযোগ দিয়েছেন এবং গ্রাহকদের কাছ থেকে ভুয়া ভাউচারের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর হোসেন অবৈধভাবে গ্যাস-সংযোগ দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি অবৈধ সংযোগ দিয়েছি, এখনো দিচ্ছি— এ কথা সত্য। অবৈধ সংযোগ না দিলে আগামী এক বছরেও সোনারগাঁয়ের মানুষ বৈধভাবে গ্যাস পেত না। মানুষের উপকার করে আমি কিছু অর্থ উপার্জন করেছি। আমার মতো আরও শতাধিক ব্যক্তি এ এলাকায় অবৈধ গ্যাস-সংযোগের কাজ করছে।’

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. আলাউদ্দিন সরাসরি এ অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ও পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন এলাকাবাসী। তবে আলাউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি অবৈধ কাজে জড়িত নই।’

জানতে চাইলে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) নওশাদ ইসলাম বলেন, ‘সোনারগাঁ এলাকায় অবৈধ সংযোগ ছাড়াও বিতরণ লাইন বসানো হয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত হচ্ছে, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, ‘একশ্রেণীর অসাধু ব্যক্তি রাতের আঁধারে পৌরসভার বিভিন্ন সড়ক কেটে অবৈধভাবে গ্যাসের পাইপলাইন বসাচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। অবৈধ গ্যাস-সংযোগ যাঁরা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হবে।’