সোনারগাঁয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে দুই আ.লীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় গতকাল শুক্রবার আওয়ামী লীগের দুই কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান জানান, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের কয়েকটি দল গতকাল সকাল থেকে মহাসড়কের কাঁচপুরে অবস্থান নেয়। এ সময় পুলিশ কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যক্তিগত গাড়ির চালকের কাছ থেকে জোর করে ৫০০ টাকা চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করে। তাঁরা হলেন কাঁচপুরের সোনাপুর এলাকার মনির হোসেন (৩৮) ও বেহাকৈর গ্রামের সুমন মিয়া (২২)।
আটক মনির ও সুমন সোনারগাঁ থানায় সাংবাদিকদের জানান, তাঁরা দুজনই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ‘বড় ভাইদের’ নির্দেশে তাঁরা চাঁদা তুলছেন। তাঁরা আরও জানান, চাঁদার একটা অংশ তাঁরা প্রতিদিনই পুলিশকে দেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, সুমন ও মনিরের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন গাড়িটির চালক। এই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
‘কাঁচপুরে যানবাহনে চাঁদাবাজি’ শিরোনামে গতকাল প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরে চাঁদাবাজদের ধরতে সকাল থেকে মহাসড়কে অভিযানে নামে পুলিশের একাধিক দল।