সোনারগাঁয়ে চার ডাকাত গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ৷ এ সময় তাদের ব্যবহৃত অস্ত্র ও লুট করা মালামাল উদ্ধার করা হয়৷ ডাকাতদের হামলায় কমপক্ষে পাঁচ যাত্রী আহত হয়েছেন৷
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মেদ বলেন, রাজধানীর সায়েদাবাদ থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী এশিয়া ক্লাসিকের একটি বাসে যাত্রীবেশে একটি ডাকাতদল ওঠে৷ কাঁচপুর সেতু পার হওয়ার পর তারা অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে মুঠোফোন সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়৷ এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আক্তার হোসেন, পলাশ মিয়া, আলী আকবরসহ কমপক্ষে পাঁচ যাত্রী আহত হন৷ যাত্রীদের চিৎকার শুনে কাঁচপুর হাইওয়ে পুলিশ এগিয়ে আসে৷ এ সময় কয়েকজন পালিয়ে যায়।